'জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা'

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

ফ্যাসিবাদী গোষ্ঠী জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে এখনো বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

স্ট্যাটাসে তিনি লেখেন, জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো বের হতে পারেনি। এ কারণে পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা।

নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, এসব ঘটনার পরও সরকার জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত