ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সেমস-গ্লোবাল’ এর আয়োজনে ৭ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে গত ১৬ বছরের ধারাবাহিকতায় আগামী ৭ থেকে ৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একযোগে শুরু হতে যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য ও পর্যটন সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম ২০২৬।
মঙ্গলবার (২১ এপ্রিল) সেমস বাংলাদেশের কার্যালয়ে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস-বাংলাদেশের ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান বিভাগের এজিএম আশরাফুল ইসলাম প্রমুখ।
আয়োজকদের ভাষ্য, এ প্রদর্শনীগুলো সংশ্লিষ্ট খাতের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান বাড়বে, যা বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য পর্যটন খাতের উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা বলেন, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে সঠিক চিকিৎসক, উপযুক্ত হাসপাতাল এবং নির্ভরযোগ্য সেবা পাওয়া জরুরি। এ ক্ষেত্রে হেলথ ট্যুরিজম এক্সপো একটি সমন্বিত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
আয়োজকসূত্রে জানা যায়, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি, হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহ কেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ (আইসিসিবি, নবরাত্রি - হল ৪)। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’ (আইসিসিবি, নবরাত্রি - হল ৪), এবং ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ (আইসিসিবি, নবরাত্রি - হল ৪)।
আরও অনুষ্ঠিত হবে স্বাস্থ্যসেবা, মেডিকেল ট্যুরিজম ও তৎসংশ্লিষ্ট সেবা সম্পর্কিত বাংলাদেশের একমাত্র ও বৃহত্তম প্রদর্শনী - ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’ (আইসিসিবি, রাজদর্শন - হল ৩)।
স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীসমূহে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুর্কিয়ে, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫টিরও অধিক দেশের ১৫০টিরও অধিক বুথ নিয়ে প্রায় ৯০টি কোম্পানি অংশগ্রহণ করবে।
প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে, সিএফসি - এসআইবিএল রিপ্রোডাক্টিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সলিউশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশ লিমিটেড, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড, এলাইভ হেলথকেয়ার প্রভৃতি। পাশাপাশি, প্রদর্শনীতে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত কতিপয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে, বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী।
সেমস-গ্লোবাল-এর ফ্ল্যাগশিপ প্রদর্শনীসমূহের মধ্যে রয়েছে টেক্সটাইল সিরিজ, পাওয়ার সিরিজ, বিল্ড সিরিজ, ফুড অ্যান্ড এগ্রো এক্সপো, মেডিটেক্স এবং অটো সিরিজ।