হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে ২ জন এবং হামের প্রবল উপসর্গ নিয়ে ১৫ জন শিশুর প্রাণহানি ঘটেছে। 

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে গত দেড় মাসে সারাদেশে মোট ৩১১ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৫২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে পরীক্ষায় প্রমাণিত। বাকি ২৫৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত দেড় মাসে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জন শিশু। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের শরণাপন্ন হয়েছে আরও ৪১ হাজার ৭৯৩ জন। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ৪৭ হাজারেরও বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।

পরিসংখ্যান বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ সবচেয়ে বেশি বিপর্যস্ত। এই বিভাগে এ পর্যন্ত হাম ও হাম সন্দেহে ১৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় যে ১৭ জন মারা গেছে, তার মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই ভয়াবহ বিস্তার নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের যথাযথ আইসোলেশন ও সুচিকিৎসার ব্যবস্থা করা জরুরি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।