দেশে হামের প্রকোপে মৃত্যুর মিছিল থামছেই না। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই তিন শিশুর মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত ৬৮৯ জনের মধ্যে ৫৯৬ জন শিশুই মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং বাকি ৯৩ শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে।
একই সাথে দেশে এই রোগের সংক্রমণও জ্যামিতিক হারে বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জনে।
এছাড়াও একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৯৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩৯০ জন।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৩৭ জন রোগী। এর মধ্যে যথাযথ চিকিৎসা সেবা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৮৮২ জন। বাকি রোগীরা বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৮৩
২৮ জুন থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু