দেশে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮০ জন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে নয়জন এবং রংপুর বিভাগে দুজন রয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট পাঁচ হাজার ৬৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু না হলেও চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২০২৫ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল অনেক বেশি উদ্বেগজনক। ওই বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এ রোগে মারা যান ৪১৩ জন।