ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন কতদিন চলবে

আপডেট : ২৮ জুন ২০২৬, ০১:০১ পিএম

দেশজুড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। দেশের সব নির্ধারিত টিকাদান কেন্দ্র এবং অস্থায়ী বুথগুলোতে সকাল থেকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে যা চলবে চারদিন।

রোববার (২৮ জুন) সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনো শিশু যেন এই জরুরি পুষ্টি উপাদান থেকে বঞ্চিত না হয়, সেজন্য কর্মসূচিটি এক দিনের পরিবর্তে টানা কয়েক দিন ধরে চালু থাকবে। প্রথম দিনে কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন বাদ পড়লে তৃতীয় দিন এবং তৃতীয় দিন বাদ পড়লে চতুর্থ দিনেও তাকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে। অর্থাৎ, মূল কর্মসূচির পর পরবর্তী টানা তিন দিন পর্যন্ত বাদ পড়া শিশুদের জন্য এই সুযোগ কার্যকর থাকবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জানায়, ২ কোটি ৫৫ লাখ শিশুকে লক্ষ্য রেখে এবার ইউনিসেফের (UNICEF) মাধ্যমে আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষিত ২ কোটি ৬০ লাখ লাল ও নীল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত করা হয়েছে। অভিভাবক ও সংশ্লিষ্টদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে সময়মতো শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

SN
আরও পড়ুন