অবহেলা বা দুর্নীতিতে সরাসরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় যেখানে অবহেলা কিংবা দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে শাস্তি হিসেবে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের কথা জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শনিবার (৪ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে অনিয়মের ক্ষেত্রে বদলির সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন না। যে কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অবহেলা ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে সরাসরি চাকরিচ্যুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ রাখা হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে সেখানে নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোর সেবার মান আরও উন্নত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

মন্ত্রী বলেন, চলতি বছরেই স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জনগণের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করাই সরকারের অন্যতম লক্ষ্য।

এ সময় তিনি চলতি অর্থবছরের বাজেটকে ‘আদর্শের বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটে ঘোষিত প্রতিটি কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এছাড়া নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।