দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে দেশে সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর নতুন পথ খুলল।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কলেজটি প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করেই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় এখন কলেজ প্রতিষ্ঠার পরবর্তী প্রশাসনিক ও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১০৯টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি এবং বেসরকারি ৭২টি।
নতুন এই প্রতিষ্ঠান চালু হলে দেশের চিকিৎসা শিক্ষার পরিসর আরও সম্প্রসারিত হবে। তবে কলেজটির শিক্ষার্থী ভর্তি, আসনসংখ্যা, পাঠদান শুরুর সময় এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।