সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজাপোড়া বা মুখরোচক খাবারের কদর থাকেই। তবে বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন মুরগির মাংসের টিকিয়া। এটি যেমন পুষ্টিকর, তেমনি স্বাদও অতুলনীয়। চলুন জেনে নেওয়া যাক ঝটপট চিকেন টিকিয়া তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
- মুরগির বুকের মাংস সেদ্ধ- ২ টুকরা
- বুটের ডাল সেদ্ধ- ১ কাপ
- জিরা গুঁড়া- ২ চা চামচ
- ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
- হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
- গরম মসলা গুঁড়া- ২ চা চামচ
- গোল মরিচ গুঁড়া- আধা চা চামচ
- লবণ- পরিমাণমতো
- আদা, রসুন ও পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
- ডিম- ১ টি
- তেল- ভাজার জন্য
- ধনিয়া পাতা বা পুদিনা পাতা কুচি- পরিমাণমতো
- মরিচ কুচি- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
একটি কড়াইতে মুরগি বুকের মাংস ও বুটের ডাল সামান্য লবণ, হলুদ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ডাল ও মাংস ভালো করে ভর্তা করে নিন। এর মধ্যে উপরের সবগুলো উপকরণ (তেল বাদে) দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার মিশ্রণ থেকে টিকিয়ার আকৃতিতে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলে পরিবেশন করুন।