বিদেশি ফল হলেও আপেল এখন আমাদের কাছে বেশ পরিচিত। বাজারে নানা রং, আকার ও স্বাদের আপেল পাওয়া যায়। নিজের জন্য কেনার পাশাপাশি দাওয়াতে কিংবা অসুস্থ কাউকে দেখতে গেলেও অনেকে সঙ্গে করে আপেল নিয়ে যান। তবে দেখতে ভালো হলেই যে আপেলটি খেতে মিষ্টি হবে, এমন নয়। অনেক সময় মিষ্টি ভেবে কেনা আপেল খাওয়ার পর দেখা যায় স্বাদ একেবারেই পানসে।
তবে কেনার সময় কয়েকটি বিষয় একটু খেয়াল করলেই মিষ্টি ও ভালো আপেল বেছে নেওয়া সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক, আপেল কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল করবেন।
১. শুধু রং দেখে আপেল কিনবেন না
উজ্জ্বল লাল আপেল দেখতে আকর্ষণীয় হলেও শুধু রং দেখে বোঝা যায় না সেটি কতটা মিষ্টি। লাল হলেই আপেল মিষ্টি হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তাই আপেলের রং দেখার পাশাপাশি এর শক্তভাব, গন্ধ, ত্বক ও ওজনও পরীক্ষা করে দেখা ভালো।
২. শক্ত আপেল বেছে নিন
আপেল হাতে নিয়ে আলতো করে চাপ দিয়ে দেখুন। ভালো আপেল সাধারণত শক্ত থাকবে, অতিরিক্ত নরম হবে না। খুব নরম আপেল অতিরিক্ত পাকা কিংবা পুরোনো হওয়ার সম্ভাবনা থাকে।
তবে আপেল পরীক্ষা করার সময় বেশি জোরে চাপ দেওয়া উচিত নয়। এতে আপেলের গায়ে দাগ পড়ে যেতে পারে, যা পরে বিক্রেতার ক্ষতির কারণ হতে পারে। হাতে নিলেই আপেলটি শক্ত নাকি নরম, তা মোটামুটি বোঝা যায়।
৩. গন্ধ পরীক্ষা করুন
আপেল কেনার আগে সেটি কাছে এনে হালকা গন্ধ শুঁকে দেখতে পারেন। পাকা আপেলে সাধারণত মৃদু ও মিষ্টি ধরনের গন্ধ থাকে। অন্যদিকে কোনো গন্ধ না থাকলে আপেলটি পুরোপুরি পাকা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপেলের গন্ধও ভালো আপেল বাছাইয়ের একটি উপায় হতে পারে।
৪. ত্বক বা খোসা ভালোভাবে দেখুন
মসৃণ ও সতেজ ত্বকের আপেল বেছে নেওয়া ভালো। যেসব আপেলের গায়ে থেঁতলানোর দাগ, কালো দাগ রয়েছে কিংবা খোসা কুঁচকে গেছে, সেগুলো এড়িয়ে চলুন। এসব লক্ষণ আপেলের সতেজতা ও স্বাদের ওপর প্রভাব ফেলতে পারে।
৫. ওজন মিলিয়ে দেখুন
একই আকারের কয়েকটি আপেল হাতে নিয়ে ওজনের পার্থক্য বোঝার চেষ্টা করুন। একই আকারের মধ্যে যেটি তুলনামূলকভাবে একটু ভারী মনে হবে, সেটি সাধারণত বেশি রসালো হতে পারে। তাই আপেল কেনার সময় আকারের পাশাপাশি ওজনও বিবেচনা করতে পারেন।