পোশাক কেনার আগে মাথায় রাখুন এই টিপস

আমাদের মধ্যে অনেকে আছেন যারা পোশাকের বেলায় খুব উদাসীন। আবার অনেকে আছেন যারা অতি সচেতন। পোশাক আপনার ব্যক্তিত্বের একটা বড় অংশ। সুতরাং পোশাক শুধু পরলেই হবে না, পোশাক নির্বাচন অর্থাৎ কেনার আগে, কেনার সময়, এমনকি কেনার পরও থাকতে হবে সচেতন। পোশাক কেনার আগে মেনে চলুন এসব টিপস।

* কাপড়-চোপড় কিনতে যাওয়ার আগে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বের হোন। এতে নতুন পোশাকটা আপনার জন্য কতটা মানানসই তা বোঝা সহজ হবে। এলোমেলো অবস্থায় গেলে যে কোন কাপড়ই ট্রায়াল দেন না কেনো বুঝতে পারবেন না কেমন দেখাবে।

* কেনাকাটাকে আনন্দময় করে তুলতে হলে একটা পরিকল্পনা করেই মাঠে নামুন। ঠিক কী পোশাক দরকার এবং কতটা বাজেট আপনার আছে তা নিশ্চিত হয়েই বের হোন।

* পোশাক কিনতে যাওয়ার সময় সহজে খোলা এবং পরা যায় এমন পোশাক পরে যান যাতে ট্রায়াল দেওয়া সহজ হয়।

* নিজের লাইফাস্টাইল সম্পর্কে পরিষ্কার থাকুন। আপনার নিজস্ব লাইফস্টাইলের সঙ্গে মানানসই কেনাকাটায় সচেষ্ট থাকুন। নিজের জন্য বা নিজের ঘরের জন্য যাই কিনুন না কেন কথাটা মনে রাখবেন। 

* বেরুনোর আগে নিজের পছন্দের রং, ফেব্রিক এবং স্টাইলের একটা তালিকা করে নিন। এতে কেনাকাটার ঝক্কি অনেকটা কমে যাবে।

* শপিংয়ে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ আরো যে জিনিসটি মাথায় রাখবেন তা হলো ফ্যাশন প্রতিদিন বদলে যায়। কিন্তু স্টাইল চিরকালীন। ফলে নিজস্ব টাইল প্রতিষ্ঠিত করুন এবং সেভাবে কেনাকাটার অভ্যাস গড়ে তুলুন।

* দোকানে এমন কোনো সেলসপার্সন বেছে নিন যাকে আপনার ভালো লাগছে। কী চাই তা পরিষ্কারভাবে তাকে জানান এবং আপনাকে পোশাক খোঁজার বিষয়ে আন্তরিক থাকবে।

* চট করে কিছু কেনার আগে পুরো দোকানটি সময় নিয়ে ঘুরে দেখুন। কোনটা নেবেন বুঝে উঠতে পারছেন না, দু'তিনটি পোশাক একবারে নিয়ে ট্রায়াল রুমে ঢুকুন। এতে পছন্দ করতে সময়ও কম লাগবে।

* ঠিক যে পোশাকটি আপনার গায়ে এখন ঠিকমত ফিট করছে কেবল সেটিই কিনুন। ওজন কমলে পরবো বা একটু ঢিলা, দুদিন পর ঠিক ফিট হয়ে যাবে এই যুক্তিতে কখনোই পোশাক কিনবেন না।

* কাপড় কেনার সময় এর যত্নআত্তি, পরিষ্কার করার বিষয়গুলো দেখে নিবেন।

* যখন অন্য কারো জন্য পোশাক কিনবেন তখন অবশ্যই তার সাইজ এবং যে ধরনের স্টাইল তিনি পছন্দ করেন সেগুলো প্রয়োজনে নোট করে নেবেন।

* সঙ্গীকে দেওয়ার জন্য স্কার্ফ, বেল্ট, জুয়েলারি, মোজা গিফট আইটেম হতে পারে। তবে তার কী লাগবে সেটা লক্ষ্য রেখে কেনাকাটা করাই বুদ্ধিমানের কাজ।

* আজকাল অনেক বুটিকেই একই মেটেরিয়ালের পোশাক তৈরি করে। তাই পোশাক কেনার আগে কয়েক দোকানে যাচাই করে নিতে পারেন।

* সেল চলছে এমন দোকানে কোনো পোশাকে সামান্য ত্রুটি থাকলে সে জন্য ডিসকাউন্ট আছে কি-না তা প্রশ্ন করতে লজ্জ পাবেন না। 

* মনে রাখবেন, যে কোনো পোশাক ছবিতে যতটা সুন্দর দেখায়, আসল জিনিসটি অতটা সুন্দর নাও হতে পারে। কাজেই কেনার সময় দেখে শুনে কেনাই ভাল। কেনার পরে যে খুঁতখুঁত করতে না হয়।

* যখনই নতুন পোশাক কিনবেন চেষ্টা করুন পুরনো দু'একটি পোশাক কাউকে দিয়ে দিতে।

* সিল্ক, সাটিন, যা ভেলভেটের পোশাক রাখার জন্য হ্যাঙ্গার কাপড় দিয়ে মুড়ে তবে ঝোলাবেন।

* ছুটির দিন শপিংয়ের জন্য আদর্শ হলেও চেষ্টা করুন সকালের দিকটাতে শপিং করতে।

* কোনো উৎসবের আগে পোশাক কেনাকাটা করতে হলে অন্তত দশদিন আগে পুরো শপিং সেরে ফেলুন।

* পোশাক কেনার আগে প্রয়োজনে কতদিনের মধ্যে বদলে নেওয়া যাবে তা জেনে নিন। যাতে কোনো সমস্যা হলে পণ্যটি ফেরত দেয়ার মতো সময় আপনার হাতে দুদিন সময় থাকে।