ম্যানচেস্টারের রাস্তায় আমেরিকান স্যান্ডউইচ আর পিজ্জার জয়জয়কার

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০:০০ এএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের সরু গলি থেকে শুরু করে অভিজাত এলাকা সবখানেই এখন আমেরিকান স্বাদের জয়জয়কার। ফিলি চিজস্টেক, হট হানি-ফ্রাইড চিকেন সাব, কিংবা নিউ ইয়র্ক স্টাইল ক্রাঞ্চি পিজ্জা; এক কথায় ইংল্যান্ডের এই শহরটি এখন যেন এক ‘গ্যাস্ট্রোনোমিক প্রটেক্টরেট’ বা ‘ইউনাইটেড স্টেটস অফ ম্যানকুনিয়া’তে পরিণত হয়েছে।

শহরের চায়নাটাউন এলাকার একটি দেয়ালের ছিদ্র বা ‘হোল-ইন-দ্য-ওয়াল’ থেকে শুরু হওয়া ‘ফ্যাট প্যাট’স’ (Fat Pat’s) এখন ম্যানচেস্টারের সবচেয়ে বড় সাফল্যের গল্প। প্রতিদিন ভোর ৩টায় টাটকা সেমোলিনা মিল্ক রোল বেক করা হয় এখানে। তাদের দানবীয় আকৃতির আমেরিকান স্যান্ডউইচগুলোর স্বাদ নিতে এখন শুধু স্থানীয়রাই নয়, ভিড় করছেন নামী সব ভ্লগাররাও। মাত্র তিন বছরে এটি একটি ছোট উদ্যোগ থেকে এখন লন্ডনেও শাখা খোলার পথে।

পরিসংখ্যান বলছে, আতিথেয়তা বা রেস্তোরাঁ খাতে খরচের দিক থেকে ম্যানচেস্টার এখন লন্ডনকেও ছাড়িয়ে যাচ্ছে। গত বছরের তথ্য অনুযায়ী, ৫৯ শতাংশ ম্যানচেস্টারবাসী বাইরে খাওয়ার খরচ বাড়িয়েছেন, যেখানে লন্ডনে এই হার ৪৪ শতাংশ। স্থানীয়রা বলছেন, ম্যানচেস্টারবাসীদের স্বভাব অনেকটা নিউ ইয়র্কারদের মতো বন্ধুত্বপূর্ণ কিন্তু কিছুটা কর্কশ। আর তাই আমেরিকান ঘরানার এই ‘রাফ অ্যান্ড টাফ’ ফুড কালচার এখানে দ্রুত জায়গা করে নিয়েছে।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই আমেরিকান খাবারের বিপ্লব যারা ঘটাচ্ছেন, তাদের অনেকেই কোনোদিন আমেরিকায় যাননি কিংবা আসল খাবারের স্বাদও নেননি। যেমন ‘ম্যাককাউন’স স্লাইসেস’ (McKeown’s Slices)-এর প্রতিষ্ঠাতা কাইল ম্যাককাউন জানান, তিনি কেবল ইউটিউব টিউটোরিয়াল আর অনলাইন রেসিপি দেখে নিউ ইয়র্ক স্টাইল পিজ্জা বানানো শিখেছেন। তেমনি ‘বাডা বিং’ (Bada Bing)-এর উদ্যোক্তারাও স্বীকার করেছেন যে, আমেরিকান খাবারের প্রতি আবেগ আর ইন্টারনেটের তথ্যই তাদের এই পথ দেখিয়েছে।

বাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে এই উদ্যোক্তারা তাদের রেসিপি নিয়ে চরম গোপনীয়তা অবলম্বন করছেন। কেউ ভিন্ন নামে মসলা আমদানি করছেন, আবার কেউ কেবল পরিবারের সদস্য ছাড়া আর কাউকে রেসিপি জানাচ্ছেন না।

ফ্যাট প্যাট’স-এর প্রতিষ্ঠাতা আনিশ চৌহান বলেন, ‘লোকেরা এখন একে কেবল আমেরিকান খাবার হিসেবে দেখে না, তারা একে দেখে একটি ‘হিটে’র মতো। ডায়েট শেষ করে কিংবা সপ্তাহান্তে এক কামড় স্যান্ডউইচ তাদের কাছে এক ধরণের নেশার মতো।’

টিকটক ভাইরালিটি আর সাশ্রয়ী মূল্যে ভরপুর তৃপ্তি এই দুইয়ের মেলবন্ধনেই ম্যানচেস্টার এখন আটলান্টিকের ওপারের স্বাদকে নিজের করে নিয়েছে।

DR/SN
আরও পড়ুন