ভ্যালেন্টাইন সপ্তাহের আজ চতুর্থ দিন। প্রতি বছরের ১০ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় ‘হ্যাপি টেডি ডে’। গোলাপ, প্রস্তাব আর চকোলেটের পর আজকের দিনটি মূলত প্রিয়জনকে নরম ও আদুরে টেডি বিয়ার উপহার দিয়ে নিজের ভালোবাসার গভীরতা প্রকাশের দিন।
শৈশবের খেলার সঙ্গী হিসেবে টেডি বিয়ারের জনপ্রিয়তা থাকলেও, বড় বয়সে এটি ভালোবাসার অন্যতম সেরা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বয়স নির্বিশেষে সব মানুষকেই এই নরম খেলনাটি আনন্দ দেয়। সম্ভবত এই কারণেই ভ্যালেন্টাইন সপ্তাহে টেডিদের জন্য একটি পুরো দিন উৎসর্গ করা হয়েছে।
কেন উপহার দেওয়া হয় টেডি বিয়ার?
টেডি বিয়ার কেবল একটি খেলনা নয়, এটি প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার। এর মাধ্যমে প্রিয়জনের প্রতি যত্ন ও নিখাদ ভালোবাসা প্রকাশ পায়। ধারণা করা হয়, যখন প্রিয় মানুষটি কাছে থাকে না, তখন তার দেওয়া টেডিকে জড়িয়ে ধরে তার উপস্থিতি অনুভব করা যায়। ব্যস্ত জীবনে কাজের চাপের মাঝে এই নরম স্পর্শ মন ভালো করে দিতে এবং মুখে প্রশান্তির হাসি ফোটাতে জাদুর মতো কাজ করে।
পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে ‘গোপন রক্ষক’ বা বিপদের বন্ধু হিসেবেও বিবেচনা করা হয়। কেউ যখন একাকিত্ব বা বিষণ্ণতায় ভোগেন, তখন একটি টেডি জড়িয়ে ধরা মানসিক স্বস্তি দিতে পারে।
কাকে দেবেন এই উপহার?
টেডি বিয়ার শুধু যে জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষকে দিতে হবে, তা নয়। নিজের অনুপস্থিতিতে প্রিয়জনকে সঙ্গ দিতে বন্ধু, ভাই-বোন, আত্মীয় এমনকি বাবা-মাকেও এই আদুরে উপহারটি দেওয়া যেতে পারে।
তো আর দেরি কেন? আজকের দিনটি স্মরণীয় করে রাখতে এবং প্রিয়জনের মুখে হাসি ফোটাতে এখনই উপহার দিন একটি সুন্দর টেডি বিয়ার।