ক্যালেন্ডারের পাতায় আজ ৭ ফেব্রুয়ারি দিনটি শুধু একটি তারিখ নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশের সূচনালগ্ন। আজ ‘রোজ ডে’ বা গোলাপ দিবস। এই দিনটির মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ সালের প্রতীক্ষিত ‘ভ্যালেন্টাইনস সপ্তাহ’ বা ভালোবাসার সপ্তাহ, যা আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে পূর্ণতা পাবে।
ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। আজ থেকে সাত দিন ধরে চলবে প্রেমের এই উৎসব। ‘রোজ ডে’-তে যুগল থেকে শুরু করে একক- সবাই প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন। এটি এমন এক দিন যেখানে একটি গোলাপই বলে দেয় মনের না বলা হাজারো কথা। অভিমান ভাঙাতে কিংবা নতুন সম্পর্কের সূচনা করতে গোলাপের চেয়ে শক্তিশালী মাধ্যম আর নেই।
গোলাপ দিবসের শুরুটা কীভাবে হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও, এর ইতিহাস বেশ প্রাচীন। রোমান পুরাণে গোলাপকে ভালোবাসার দেবী ‘ভেনাস’-এর প্রতীক হিসেবে দেখা হয়। গ্রিক পুরাণেও দেবী ‘অ্যাফ্রোডাইতি’-র সঙ্গে এই ফুলের গভীর সংযোগ রয়েছে।
ভিক্টোরিয়ান যুগে ‘ফ্লোরিওগ্রাফি’ বা ফুলের ভাষা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় মানুষ মুখে যা বলতে পারতেন না, তা একটি নির্দিষ্ট রঙের ফুলের মাধ্যমে বুঝিয়ে দিতেন। এছাড়া ঐতিহাসিকভাবে গোলাপের প্রথম চাষ শুরু হয়েছিল চীনে। এশীয় সংস্কৃতিতে গোলাপকে ভালোবাসা, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর মতো জনপ্রিয় গল্পেও গোলাপকে ভালোবাসার অমর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
গোলাপ দেওয়ার আগে এর রঙের অর্থ জানা জরুরি, কারণ প্রতিটি রঙের গোলাপ একেকটি আলাদা গল্প বলে:
লাল গোলাপ: এটি চিরন্তন ভালোবাসার প্রতীক। গভীর প্রেম ও অনুরাগ বোঝাতে লাল গোলাপের বিকল্প নেই।

হলুদ গোলাপ: এটি বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধুর মুখে হাসি ফোটাতে বা সুসম্পর্ক উদযাপন করতে হলুদ গোলাপ সেরা।

সাদা গোলাপ: পবিত্রতা, সরলতা এবং নতুন শুরুর প্রতীক।
![]()
গোলাপি গোলাপ: প্রশংসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

কমলা গোলাপ: তীব্র আকর্ষণ ও আবেগের প্রতীক।

পিচ গোলাপ: কোনো মানুষের প্রতি আপনার মুগ্ধতা বা বিশেষ পছন্দ কিন্তু বলতে না পারা—এমন অনুভূতি বোঝাতে এটি ব্যবহৃত হয়।

ল্যাভেন্ডার গোলাপ: প্রথম দেখায় প্রেমে পড়া বা ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-এর প্রতীক।

ভালোবাসার সপ্তাহের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার (ফেব্রুয়ারি ২০২৬):
- ৭ ফেব্রুয়ারি: রোজ ডে (গোলাপ দিবস)
- ৮ ফেব্রুয়ারি: প্রপোজ ডে (প্রস্তাব দিবস)
- ৯ ফেব্রুয়ারি: চকলেট ডে
- ১০ ফেব্রুয়ারি: টেডি ডে
- ১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে (প্রতিশ্রুতি দিবস)
- ১২ ফেব্রুয়ারি: হাগ ডে (আলিঙ্গন দিবস)
- ১৩ ফেব্রুয়ারি: কিস ডে (চুম্বন দিবস)
- ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে (বিশ্ব ভালোবাসা দিবস)
যান্ত্রিক জীবনের ব্যস্ততা সরিয়ে আজ প্রিয় মানুষটির হাতে একটি তাজা গোলাপ তুলে দেওয়ার মাধ্যমে আপনিও রাঙিয়ে নিতে পারেন আপনার সম্পর্ককে। গোলাপের স্নিগ্ধতা আর সুবাসে ভরে উঠুক সবার জীবন।
গোপন ভালোবাসা প্রকাশ পায় যেভাবে
