রক্তচাপ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। তবে প্রতিদিন কতটুকু পানি পান করলে উপকার পাওয়া যায়, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। হৃদ্রোগ বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে নারীদের প্রতিদিন প্রায় ৯ কাপ বা ৭২ আউন্স এবং পুরুষদের ১৩ কাপ বা ১০৪ আউন্স পানি পান করা যেতে পারে। তবে ব্যক্তিভেদে পানির চাহিদা কম-বেশি হতে পারে।
পানির ঘাটতি যেভাবে রক্তচাপকে প্রভাবিত করে
বিশেষজ্ঞরা বলছেন, শরীরে পানির ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। কারণ, পানির পরিমাণ কমে গেলে রক্তচাপের ওপর এর প্রভাব পড়তে পারে।
রক্তের বড় একটি অংশ পানি। শরীরে পানির ঘাটতি দেখা দিলে রক্তের মোট পরিমাণ কমে যায়। এতে রক্তনালির ওপর চাপ কমে রক্তচাপও নিচে নেমে যেতে পারে। বিশেষ করে বসা বা শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে।
টেক্সাস ভাসকুলার অ্যাসোসিয়েটসের ভাসকুলার সার্জন উইলিয়াম শুটজে বলেন, শরীরে পানির ঘাটতি হলে রক্তের পরিমাণ কমে যায়। ফলে রক্তচাপ কমতে পারে, বিশেষ করে দাঁড়ানোর সময়। এ কারণেই পানিশূন্যতায় অনেকের মাথা হালকা লাগা বা মাথা ঘোরার অনুভূতি হয়।
তবে পানির ঘাটতি মোকাবিলায় শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও রক্তচাপ বাড়াতে পারে। এ সময় শরীর ভ্যাসোপ্রেসিনের মতো হরমোন নিঃসরণ করে। এই হরমোন কিডনিকে পানি ধরে রাখতে সাহায্য করে এবং রক্তনালি সংকুচিত করে। ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।
অ্যাবটের ভাসকুলার বিজনেস বিভাগের প্রধান চিকিৎসা কর্মকর্তা ইথান কর্নগোল্ড বলেন, পানিশূন্যতা রক্তের পরিমাণ কমিয়ে এবং রক্তনালি সংকুচিত করে রক্তচাপ বাড়ার একটি কারণ হতে পারে।
তবে অতিরিক্ত পানি পান করাও ঠিক নয়। শরীরে প্রয়োজনের চেয়ে বেশি পানি জমলে রক্তের পরিমাণ বেড়ে রক্তচাপ বাড়তে পারে। একটি ছোট গবেষণায় দেখা গেছে, টানা দুই সপ্তাহ প্রতিদিন দ্বিগুণ পানি পান করলে রক্তচাপ সামান্য বেড়েছিল।
কর্নগোল্ড বলেন, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে বিষয়টি বড় উদ্বেগের নয়। তবে অতিরিক্ত তরল জমে যাওয়া এবং রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া বয়স্ক ব্যক্তি ও হৃদ্যন্ত্রের অকার্যকারিতা, যকৃতের রোগ কিংবা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে।
হৃদ্রোগ বিশেষজ্ঞ ও প্রিকার্ডিয়ন হার্ট হেলথের প্রতিষ্ঠাতা টিসা সাহার মতে, শরীরে পানির ভারসাম্য ঠিক থাকলে রক্তের পরিমাণ স্থিতিশীল থাকে এবং রক্তচাপও স্বাভাবিক সীমায় বজায় রাখতে শরীরের সুবিধা হয়।
কীভাবে বুঝবেন কতটুকু পানি প্রয়োজন
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের পানির চাহিদা সবার জন্য এক নয়। গরম আবহাওয়া, শারীরিক পরিশ্রম, শরীরের গঠন এবং বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার কারণে পানির প্রয়োজন বদলে যেতে পারে। তাই সাধারণ নির্দেশনাকে ভিত্তি ধরে নিজের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণ ঠিক করা উচিত।
এ ছাড়া শুধু পানীয় পানি থেকেই শরীরের পানির চাহিদা পূরণ হয় না। খাবার থেকেও পানি পাওয়া যায়। বিশেষজ্ঞদের উল্লেখ করা হিসাব অনুযায়ী, নারীদের দৈনিক মোট পানির চাহিদা প্রায় ১১ দশমিক ৪ কাপ এবং পুরুষদের ১৫ দশমিক ৬ কাপ। এর প্রায় ২০ শতাংশ আসে খাবার থেকে। বাকি অংশ পানীয় হিসেবে গ্রহণ করতে হয়। ফলমূল ও শাকসবজিতে পানির পরিমাণ বেশি থাকায় এগুলো শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।
একসঙ্গে অনেক পানি পান করার পরিবর্তে ধীরে ধীরে পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিদিনের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন মনে হলে শুরুতে আট কাপ পানি পান করে প্রয়োজন অনুযায়ী পরিমাণ সমন্বয় করা যেতে পারে।
শরীরে পানির ঘাটতি আছে কি না, তা বোঝার কিছু লক্ষণও রয়েছে। সাধারণত খুব কম তৃষ্ণা পাওয়া, দিনের মধ্যে নিয়মিত প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের রং হালকা খড়ের মতো হওয়া পর্যাপ্ত পানির ইঙ্গিত দিতে পারে।
রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু পানি পানই যথেষ্ট নয়
বিশেষজ্ঞরা মনে করেন, পর্যাপ্ত পানি পান রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হলেও এটি একমাত্র উপায় নয়। রক্তচাপ স্বাভাবিক রাখতে খাবারে লবণের পরিমাণ কমানো, নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং অ্যালকোহল এড়িয়ে চলার মতো অভ্যাসও গুরুত্বপূর্ণ।
হৃদ্রোগ বিশেষজ্ঞ টিসা সাহা বলেন, পর্যাপ্ত পানি পান করা ভালো অভ্যাস। তবে এটি রক্তচাপ নিয়ন্ত্রণের অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিকল্প নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণও জরুরি।
সূত্র: হেলথ ডট কম