আজ ‘চকলেট ডে’

প্রিয়জনের মনে মিষ্টতা ছড়াতে কোন চকলেটটি বেছে নেবেন?

‘ভালোবাসা মানে ছোট্ট শ্বাসকে দীর্ঘশ্বাসে রূপ দেয়া। ভালোবাসা মানে বিপরীত মানুষের মাঝে নিজের সুখ খুঁজে পাওয়া’। তবে এর বাইরেও ভালোবাসার অনেক গভীর অর্থ রয়েছে। বলা যেতে পারে, গোপন গোপন খেলার মাঝে কান্না ভেজা চোখ, আর তার মাঝে নীল খামের ভেলা। হ্যাঁ, নীল খামের সেই ভেলায় চড়ে আসে চকলেটসহ কত শত উপহার। চকলেট আর উপহার ছাড়া কি আর প্রেম জমে? কখনোই না। প্রিয় মানুষটিকে সাশ্রয়ী বা ফ্রেন্ডলি বাজেটে উপহার দেওয়ার জন্য চকলেটের চেয়ে সেরা বিকল্প আর কিছু হতে পারে না।

তরুণ-তরুণীদের কাছে ফেব্রুয়ারি মাসটি বিশেষ কিছু দিন নিয়ে আসে, যা তারা ভালোবাসার মানুষের সঙ্গে কাটিয়ে থাকেন এবং বিশেষ মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখেন। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ সপ্তাহের রোজ ডে ও প্রপোজ ডে’র পর আজ ৯ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘চকলেট ডে’। এই সপ্তাহেই শত শত একক মন বাঁধা পড়বে দ্বৈত মনে। যদি ফুল হাতে প্রিয় মানুষটিকে এখনো ভালোবাসার কথা বলা না হয়ে থাকে, তবে আজ একটি চকলেট হতে পারে আপনার শ্রেষ্ঠ হাতিয়ার। মিষ্টি ও সুস্বাদু এই ছোট্ট উপহারটি প্রিয় মানুষের অভিমানী মুখে হাসি এনে দিতে বাধ্য।

জন্মদিন, বিবাহবার্ষিকী থেকে শুরু করে ছুটির দিন, এমনকি করপোরেট ইভেন্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে চকলেট দীর্ঘদিন ধরে উপহার হিসেবে জনপ্রিয়। যখন কাউকে চকলেট উপহার দেন, তখন আপনি শুধু একটি মিষ্টি খাবারই উপহার দেন না; বিলাসিতার সঙ্গে গভীর আবেগও উপহার দেন। উপহারের জন্য সঠিক চকলেট নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উপায়ে বাছাই করতে পারলে আপনার উপহারটি প্রিয়জনের কাছে স্মরণীয় ও প্রশংসিত হয়ে উঠতে পারে। 

নিচে বিভিন্ন ধরনের চকলেটের বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

১. ডার্ক চকলেটের আভিজাত্য


ডার্ক চকলেট স্বাস্থ্যকর খাবার হিসেবেও পরিচিত এবং এটি প্রাপ্তবয়স্কদের কাছে বেশি জনপ্রিয়। স্বাস্থ্যসচেতনদের উপহার দিতে এটি অনায়াসে বেছে নিতে পারেন কারণ এতে চিনির পরিমাণ অনেক কম থাকে। উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডার্ক চকলেট অন্য দুধ ও চিনি মিশ্রিত চকলেটের তুলনায় দামি হলেও স্বাস্থ্যের জন্য ‘সুপার ফুড’ হিসেবে বিবেচিত।

ডার্ক চকলেট বার: এগুলো স্বাদে খানিকটা তেতো হয়। যারা নিয়মিত ডার্ক চকলেট খান, কেবল তাদেরই এটি উপহার দেওয়া উচিত।

ডার্ক চকলেট ট্রাফল: মখমলের মতো মসৃণ এবং ডিপ চকলেটি স্বাদের ট্রাফল জন্মদিন এবং ভালোবাসা দিবসের মতো রোমান্টিক দিনগুলোতে উপহার দেওয়ার জন্য আদর্শ।

সামুদ্রিক লবণসহ ডার্ক চকলেট: যারা মিষ্টি ও সুস্বাদু স্বাদের ভারসাম্য পছন্দ করেন, তাদের জন্য এটি অনন্য উপহার।

২. মিল্ক চকলেট ডিলাইটস:
দুধ ও চকলেটের মিশ্রণে তৈরি ক্রিমি ও মিষ্টি স্বাদের এই চকলেট সাধারণত সবাই পছন্দ করে। যারা মিষ্টিপ্রেমী, তাদের জন্য এটি সেরা।

ক্ল্যাসিক মিল্ক চকলেট বার: এই মসৃণ বারগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়; বিশেষ করে শিশুদের জন্য এটি আদর্শ।

মিল্ক চকলেট ক্যারামেল বার: মিষ্টি ক্যারামেল এবং ক্রিমি মিল্ক চকলেটের এক নিখুঁত মিশ্রণ। বিবাহবার্ষিকী বা বন্ধু দিবসের জন্য এটি সেরা উপহারের তালিকায় থাকতে পারে।

মিল্ক চকলেট ক্যারামেলাইজড পিক্যান: সিল্কি মিল্ক চকলেটে মোড়ানো বাদাম ফ্লেভারের এই চকলেট বাদামপ্রেমীদের জন্য উপযুক্ত।

৩. হোয়াইট চকলেট:


মাখন ও ক্রিমি স্বাদের এই সাদা চকলেট তাদের জন্য, যারা স্বাদের নিরীক্ষা করতে ভালোবাসেন। বিভিন্ন স্বাদের খাবার চেখে দেখতে পছন্দ করা মানুষদের এটি উপহার দেওয়া যায়।

থিমযুক্ত চকলেট উপহার
থিমযুক্ত চকলেট উপহারে ব্যক্তিগত পছন্দের স্পর্শ যোগ করে। এটি উৎসবের দিনগুলোকে আরও বিশেষ করে তোলে।

চকলেট ডে’তে রকমারি: আজ একসঙ্গে কয়েক ধরনের চকলেট উপহার দিতে পারেন। চাইলে বিভিন্ন গিফট হাউস থেকে কাস্টমাইজড বক্সও তৈরি করে নেওয়া যায়।

ভ্যালেন্টাইনস ডে হার্টস: রোমান্টিক হৃদয় আকৃতির চকলেটগুলো ভালোবাসা প্রকাশের জন্য উপযুক্ত।

ক্রিসমাস চকলেট বক্স: এই উৎসবের বাক্সগুলো পুদিনাপাতা এবং মসলাদার চকলেট দিয়ে পূর্ণ থাকে।

কেবল ৯ ফেব্রুয়ারিই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ক্যালেন্ডার অনুযায়ী আরও অনেক দিন চকলেট দিবস পালন করা হয়। আপনি যদি আজ চকলেট দিতে ভুলেও যান, তবে সারা বছর আরও অনেক সুযোগ রয়েছে:

৭ জুলাই: বিশ্ব চকলেট দিবস।

১৩ সেপ্টেম্বর: ইন্টারন্যাশনাল চকলেট ডে (যুক্তরাষ্ট্র)।

২৮ অক্টোবর: জাতীয় চকলেট দিবস (ব্রিটেন)।

১০ জানুয়ারি: তেতো-মিষ্টি চকলেট দিবস।

১৫ মে: চকলেট চিপস দিবস।

৭ জুন: চকলেট আইসক্রিম দিবস।

২৮ জুলাই: মিল্ক চকলেট দিবস।

১২ সেপ্টেম্বর: চকলেট মিল্কশেক দিবস।

২০ সেপ্টেম্বর: হোয়াইট চকলেট দিবস।

১৬ ডিসেম্বর: যেকোনো উপকরণ দিয়ে সাজানো চকলেট দিবস।

ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে বা নিজের অনুভূতি প্রকাশ করতে ৯ ফেব্রুয়ারির এই দিনটি বেছে নেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ। তাই আজকের দিনটি হাতছাড়া না করে একটি প্রিয় চকলেটের মাধ্যমে আপনার প্রিয়জনকে জানিয়ে দিন তিনি আপনার জীবনে কতটা স্পেশাল।