প্রচন্ড গরমে বাইকের তপ্ত সিট ঠান্ডা রাখার ম্যাজিক 

একদিকে শহরের তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। অপরদিকে আর্দ্রতার কারণে চরম অস্বস্তি। 

এ পরিস্থিতিতে বাইকে বা স্কুটারে চড়ে যাতায়াত এক বিভীষিকাময় অভিজ্ঞতা। অল্প সময় রোদে থাকলেই সিট হয়ে যাচ্ছে আগুনের মতো গরম। 

এ অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায়-

 

তীব্র গরমে বাইকের সিটকে উত্তপ্ত হওয়া থেকে সরাসরি রক্ষার তেমন কোনো ভালো উপায় নেই। 

কারণ, বাইকের সিটের উপরে থাকে ভিনাইল নামে এক ধরনের সিন্থেটিক পদার্থ। ফলে কিছু সময় রোদে থাকলেও সিট গরম হয়ে যায়। তাই কিছু সহজ উপায় অবলম্বন করলে এ সমস্যা থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে।

খেয়াল করে বাইক বা স্কুটার ছায়াযুক্ত জায়গায় পার্ক করুন। 

 

যদি সম্ভব না হয়, তাহলে একটি ফুলবডি কভার সাথে রাখুন। আধঘণ্টা বা তার বেশি সময় যদি কোথাও বাইক পার্ক করে যেতে হয়, তাহলে এই কভার ব্যবহার করুন।

সিট কভার ব্যবহার করুন। 

 

মেশের তৈরি সিট কভার আপনার বাইকের সিট ঠান্ডা রাখতে সাহায্য করবে। মেশের মধ্যে থাকে ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে সহজেই বাতাস প্রবাহিত হতে পারে। ফলে আপনার বাইকের সিট কম গরম হয়।

মাইক্রোফাইবার কাপড় বা তোয়ালে সাথে রাখুন। 

কোথাও বাইক বা স্কুটার পার্ক করার আগে সিটের উপরে ভালো করে এই কাপড় জড়িয়ে দিন। তবে কাপড়টা ভিজিয়ে জড়াবেন না। তাহলে সিটের ফোম দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

অনেকক্ষণ রোদে বাইক রাখা থাকলে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে সিট মুছে নিতে পারেন। গরম সিট পানির সংস্পর্শে এলে দ্রুত ঠান্ডা হয়ে যায়।

যদি আপনি লং রাইড করতে অভ্যস্ত হন, তাহলে সিটের উপরে জেল সিট ব্যবহার করতে পারেন। এতে সিটের নমনীয়তা বৃদ্ধি পায়। রাইডিং যেমন আরামদায়ক হয়, তেমনই সিটও নর্মাল সিটের তুলনায় ঠান্ডা থাকে।

যদি আপনার বাইকের সিটের ভিনাইল ফেটে গিয়ে থাকে, তা হলে দ্রুত একটি ভালো ভিনাইলযুক্ত সিট কিনে ব্যবহার করুন। সিটের ভিনাইল যত বেশি রুক্ষ হবে গরমও তত বেশি লাগবে।