দয়া এমন এক মানবিক গুণ, যা ভাষা, ধর্ম, বর্ণ, জাতি কিংবা সংস্কৃতির সীমারেখা মানে না। বিপদে কারও পাশে দাঁড়ানো, অসহায় মানুষকে সাহায্য করা, কাউকে মনোযোগ দিয়ে কথা বলার সুযোগ দেওয়া কিংবা অপরিচিত কারও প্রতি সামান্য সহানুভূতি দেখানো—এসবই দয়ার প্রকাশ। অনেক সময় ছোট্ট একটি ভালো কাজও অন্য একজন মানুষের দিনটিকে বদলে দিতে পারে।
বিশ্ব দয়া দিবসের সূচনা ১৯৯৮ সালে। বিশ্ব দয়া আন্দোলন বা ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্টের উদ্যোগে প্রতিবছর ১৩ নভেম্বর দিবসটি পালনের প্রচলন শুরু হয়।
এর পেছনে রয়েছে ১৯৯৭ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত একটি সম্মেলন। সেখানে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দয়া ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করা সংগঠনগুলো একত্র হয়। সম্মেলনে আরও মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করা হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় পরের বছর প্রথমবারের মতো বিশ্ব দয়া দিবস পালিত হয়।
পরবর্তী সময়ে দিবসটি বিভিন্ন দেশে পরিচিতি পায়। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
বিশ্ব দয়া দিবসের মূল উদ্দেশ্য হলো সমাজে ইতিবাচক কাজগুলোকে সামনে আনা এবং মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জোরদার করা।
দয়া প্রকাশের জন্য বড় কোনো আয়োজন কিংবা আর্থিক সামর্থ্যের প্রয়োজন নেই। ক্ষুধার্ত কাউকে খাবার দেওয়া, অসুস্থ প্রতিবেশীর খোঁজ নেওয়া, পথচারীকে রাস্তা পার হতে সাহায্য করা, কর্মক্ষেত্রে সহকর্মীর প্রতি সহানুভূতিশীল হওয়া কিংবা কারও ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা—এসব সাধারণ আচরণও দয়ার উদাহরণ।
বিভিন্ন দেশে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দয়া-বার্তা বিনিময় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
দয়ার প্রভাব কেবল যার প্রতি সদয় আচরণ করা হয়, তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যিনি ভালো কাজটি করেন, তাঁর জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মনোবিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ মানুষের মানসিক সুস্থতা, সামাজিক সম্পর্ক ও জীবনের সন্তুষ্টি বাড়াতে সহায়ক হতে পারে। স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া কিংবা অন্যকে সহযোগিতা করার মধ্য দিয়ে একাকিত্ব কমতে পারে এবং মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় হয়।
তবে দয়ার কাজকে কেবল ব্যক্তিগত উপকার পাওয়ার উপায় হিসেবে দেখার সুযোগ নেই। এর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও মানবিক করে তোলা।
বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, বৈষম্য, সহিংসতা ও সামাজিক বিভাজনের মধ্যে দয়া ও সহমর্মিতার গুরুত্ব আরও বেড়েছে। মতের অমিল থাকলেও অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা, দুর্বল ও অসহায় মানুষের অধিকার রক্ষা করা এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানো—এসব মানবিক মূল্যবোধ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।