চাকরি করছেন, মাস শেষে বেতন পাওয়ার কথা। কিন্তু মাস পেরিয়ে যায়, বেতন আসে না। কখনো দুই মাসের বেতন একসঙ্গে দেওয়া হয়, কখনো কয়েক মাসের বেতন বকেয়া পড়ে থাকে। আবার কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ নিয়মিত বেতন পেলেও অন্যদের অপেক্ষা করতে হয় দিনের পর দিন। এমন পরিস্থিতিতে সংসারের খরচ, বাড়িভাড়া, সন্তানের পড়াশোনা কিংবা ঋণের কিস্তি সামলাতে গিয়ে বিপাকে পড়েন কর্মীরা।
বাংলাদেশে বেতন পাওয়া কেবল প্রতিষ্ঠানের সদিচ্ছার বিষয় নয়; এটি কর্মীর আইনগত অধিকার। নির্ধারিত সময়ে বেতন না দিলে বা পাওনা আটকে রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু কোথায় অভিযোগ করবেন, কী প্রমাণ লাগবে এবং আইনি প্রতিকার কী—তা অনেক কর্মীরই জানা নেই।
বেতন দেওয়ার আইনি সময়সীমা কত?
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২২ ও ১২৩ ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের মজুরিকাল এক মাসের বেশি হতে পারবে না। আর নির্ধারিত মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে কর্মীর বেতন পরিশোধ করতে হবে।
অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের বেতনকাল যদি মাসের শেষ দিন পর্যন্ত হয়, তাহলে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে বেতন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রতিষ্ঠান আর্থিক সংকটে আছে কিংবা ব্যবসায় লোকসান হয়েছে—এমন যুক্তিতে নিয়মিত বেতন অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যায় না।
চাকরি শেষ হলে বা কর্মী চাকরি ছাড়লে তাঁর আইনগত পাওনা পরিশোধেরও সময়সীমা রয়েছে। শ্রম আইনের ১২৩(২) ধারায় চাকরি অবসানের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পাওনা মজুরি পরিশোধের বিধান রয়েছে।
প্রথমেই যা করবেন
বেতন আটকে গেলে আবেগের বশে চাকরি ছেড়ে দেওয়া বা শুধু মৌখিক প্রতিবাদ করে থেমে যাওয়া ঠিক হবে না। বরং প্রথমে নিজের পাওনার হিসাব তৈরি করুন।
১. কোন মাসের বেতন বকেয়া, কত টাকা পাওনা এবং কত দিন ধরে আটকে আছে—লিখে রাখুন।
২. নিয়োগপত্র, বেতন নির্ধারণের কাগজ, পরিচয়পত্র ও অফিসের সঙ্গে বেতনসংক্রান্ত যোগাযোগের প্রমাণ সংগ্রহ করুন।
৩. ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের বেতন জমার বিবরণী সংরক্ষণ করুন।
৪. প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ, হিসাব বিভাগ কিংবা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বেতন পরিশোধের অনুরোধ জানান।
৫. ই-মেইল, চিঠি বা লিখিত আবেদনের কপি নিজের কাছে রাখুন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় বকেয়া বেতনের পরিমাণ এবং পরিশোধের সম্ভাব্য তারিখ লিখিতভাবে জানতে চান। শুধু মৌখিক আশ্বাসের ওপর নির্ভর করবেন না।
কোথায় অভিযোগ করবেন?
১. কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)
বেসরকারি প্রতিষ্ঠানে বেতন বা মজুরি না দেওয়া, বেতন বিলম্বিত করা কিংবা আইনগত পাওনা আটকে রাখার ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ করা যায়।
এ জন্য রয়েছে অনলাইন অভিযোগব্যবস্থা। ডিআইএফইর লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (LIMA) ব্যবহার করে অভিযোগ জমা দেওয়া যায়।
অভিযোগের ওয়েবসাইট: https://lima.dife.gov.bd/complaint
এখানে অভিযোগের ধরন হিসেবে ‘বেতন/মজুরি ও পাওনা আদায়’ নির্বাচন করা যায়। কর্মীর পরিচয়, প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, পদবি, চাকরিতে যোগদানের তারিখ এবং বকেয়া বেতনের বিবরণ দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা যায়।
অভিযোগের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২৪(ক) ধারার আওতায় আপস-মীমাংসার মাধ্যমে পাওনা আদায়ের সুযোগও রয়েছে। এ ধারায় আবেদন পাওয়ার পর প্রধান পরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সর্বোচ্চ ২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মালিক বা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা কিংবা আপস-মীমাংসা বৈঠকের মাধ্যমে দাবি নিষ্পত্তির উদ্যোগ নেবেন।
২. শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭
অভিযোগ কোথায় করবেন, কীভাবে করবেন কিংবা বেতন আটকে গেলে কোন আইনি ব্যবস্থা নেওয়া যায়—এসব বিষয়ে জানতে শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭-এ যোগাযোগ করা যায়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এই হেল্পলাইনটি টোল ফ্রি। ২০২৫ সালের ২ জুলাই এর উন্নত সংস্করণ উদ্বোধনের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বেতন-মজুরি, বেআইনি চাকরিচ্যুতি, কর্মক্ষেত্রের সমস্যা ও শ্রমিক-মালিক বিরোধসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে হেল্পলাইনে পাওয়া ৬ হাজার ১৯৬টি অভিযোগের মধ্যে ৪ হাজার ৮৩৮টি নিষ্পত্তি করা হয়েছিল।
৩. শ্রম আদালতে মামলা
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করলে বা পাওনা নিয়ে সমাধান না হলে শ্রম আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩২ ধারা অনুযায়ী, আইনবহির্ভূতভাবে মজুরি কর্তন, বেতন পরিশোধ না করা কিংবা বেতন ও অন্যান্য আইনগত পাওনা দিতে বিলম্ব হলে সংশ্লিষ্ট শ্রমিক শ্রম আদালতে আবেদন করতে পারেন।
শ্রম আদালত বকেয়া বা বিলম্বিত মজুরি এবং আইন অনুযায়ী অন্যান্য পাওনা আদায়ের বিষয়ে আদেশ দিতে পারে। নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টিও আইনে বিবেচনার সুযোগ রয়েছে।
এ ক্ষেত্রে নিয়োগপত্র, বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের লিখিত প্রমাণ এবং বকেয়া বেতনের হিসাব গুরুত্বপূর্ণ হতে পারে। মামলা করার আগে শ্রম আইন বিষয়ে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া ভালো।
অভিযোগ করলে চাকরি হারানোর ভয় থাকলে?
অনেক কর্মী বেতন না পেয়েও অভিযোগ করতে চান না। কারণ, অভিযোগ করলে চাকরি হারানোর আশঙ্কা থাকে। কেউ কেউ আবার প্রতিষ্ঠানের প্রভাবশালী কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।
ডিআইএফইর অনলাইন অভিযোগব্যবস্থায় অভিযোগকারীর নাম প্রকাশ না করার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সীমাবদ্ধতা আছে।
ডিআইএফইর প্রকাশিত শর্ত অনুযায়ী, অভিযোগকারী নাম গোপন রাখলে তদন্ত মূলত প্রতিষ্ঠান শ্রম আইন ও বিধিমালা মেনে চলছে কি না, তা যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। নির্দিষ্ট কর্মীর বেতন বা ব্যক্তিগত পাওনা আদায়ের জন্য তদন্তে তাঁর পরিচয় প্রকাশের প্রয়োজন হতে পারে। ফলে নাম গোপন রাখলেই সব পরিস্থিতিতে ব্যক্তিগত পাওনা আদায় নিশ্চিত হবে—এমন নিশ্চয়তা নেই।
অভিযোগ করার আগে এ বিষয়টি ১৬৩৫৭ নম্বরে যোগাযোগ করে জেনে নেওয়া উচিত।
প্রতিষ্ঠান বলছে, আর্থিক সংকটে বেতন দিতে পারছে না—তাহলে?
অনেক প্রতিষ্ঠান ব্যবসায় লোকসান, নগদ অর্থের সংকট, ব্যাংকঋণ বা বাজার পরিস্থিতির অজুহাতে কর্মীদের বেতন দিতে দেরি করে। কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক সংকট থাকলেই কর্মীর আইনগত পাওনা অস্বীকার করার অধিকার তৈরি হয় না।
এমন পরিস্থিতিতে কর্মীরা সম্মিলিতভাবে লিখিত আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বকেয়া বেতন পরিশোধের নির্দিষ্ট সময়সূচি চাইতে পারেন। তবে বেতন পরিশোধের সময়সূচি নিয়ে কোনো সমঝোতা হলে সেটি লিখিতভাবে রাখা জরুরি।
একই প্রতিষ্ঠানের একাধিক কর্মীর বেতন আটকে থাকলে তাঁরা সম্মিলিতভাবে অভিযোগ করার বিষয়টিও বিবেচনা করতে পারেন। শ্রম আইনের ১৩৪ ধারায় একই প্রতিষ্ঠানের একই মজুরিকালের বকেয়া বা বিলম্বিত বেতনসংক্রান্ত একাধিক শ্রমিকের পক্ষে একটি আবেদন করার সুযোগ রয়েছে।
চাকরি ছেড়ে দিলে কি বকেয়া বেতন পাওয়া যাবে না?
এমন ধারণা ভুল। চাকরি ছেড়ে দিলেই আগের বকেয়া বেতন বা আইনগত পাওনা বাতিল হয়ে যায় না। শ্রম আইন অনুযায়ী চাকরি অবসানের পরও প্রাপ্য মজুরি আদায়ের অধিকার থাকে।
তবে চাকরি ছাড়ার আগে নিজের বকেয়া বেতন, প্রাপ্য সুবিধা এবং চাকরি অবসানের কাগজপত্রের হিসাব করে নেওয়া উচিত। কোনো পাওনা না পেয়ে ‘সব পাওনা বুঝে পেয়েছি’—এমন বক্তব্যসংবলিত কাগজে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন। কোনো সমঝোতা হলে তার শর্ত ভালোভাবে পড়ে বুঝে নিন।
সব কর্মী কি শ্রম আইনের আওতায় অভিযোগ করতে পারবেন?
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। বাংলাদেশের শ্রম আইন সব ধরনের চাকরিজীবীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। কর্মীর দায়িত্ব, পদমর্যাদা, কাজের প্রকৃতি এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আইনের আওতা নির্ধারিত হয়।
যাঁরা শ্রম আইনের সংজ্ঞা অনুযায়ী ‘শ্রমিক’ হিসেবে বিবেচিত, তাঁদের ক্ষেত্রে বেতন ও পাওনা আদায়ের জন্য শ্রম আইনের প্রতিকার প্রযোজ্য হতে পারে। অন্যদিকে সরকারি কর্মচারী, ব্যবস্থাপনাগত বা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনের আওতার বাইরে থাকা কিছু পেশার ক্ষেত্রে ভিন্ন বিধান বা প্রতিকার প্রযোজ্য হতে পারে।
সরকারি প্রতিষ্ঠানে বেতন আটকে গেলে সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক কর্তৃপক্ষ, হিসাবরক্ষণ কার্যালয় এবং প্রযোজ্য সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও শ্রম আইনের আওতা নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া প্রয়োজন।
বেতন অনিয়মিত হলে যে ভুলগুলো করবেন না
- বেতন না পাওয়ার বিষয়টি শুধু মৌখিকভাবে জানিয়ে থেমে যাবেন না।
- বেতনসংক্রান্ত ই-মেইল, এসএমএস ও ব্যাংক লেনদেনের তথ্য মুছে ফেলবেন না।
- বকেয়া বেতনের হিসাব না করে কোনো চূড়ান্ত সমঝোতায় যাবেন না।
- না বুঝে পাওনা পরিশোধের রসিদ বা অধিকার পরিত্যাগের কাগজে স্বাক্ষর করবেন না।
- দালাল বা মধ্যস্থতাকারীকে অভিযোগ নিষ্পত্তির নামে টাকা দেবেন না।
- অভিযোগ করার আগে নিজের নিয়োগের ধরন ও শ্রম আইনের আওতা সম্পর্কে নিশ্চিত হবেন।
একজন কর্মী তাঁর শ্রমের বিনিময়ে নির্ধারিত বেতন পাওয়ার অধিকার রাখেন। কোনো প্রতিষ্ঠান নিয়মিত বেতন না দিলে কর্মীদের নীরবে তা সহ্য করার প্রয়োজন নেই। প্রথমে প্রতিষ্ঠানের কাছে লিখিতভাবে পাওনা চাইতে হবে। সমাধান না হলে ডিআইএফই, শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ এবং প্রয়োজনে শ্রম আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়া যায়।
তবে অভিযোগ করার আগে প্রমাণ সংগ্রহ, নিজের চাকরির ধরন ও আইনের আওতা যাচাই এবং সময়মতো আইনি পরামর্শ নেওয়া জরুরি। কারণ, বেতন কেবল মাস শেষে পাওয়া অর্থ নয়—এটি একজন কর্মীর শ্রমের ন্যায্য মূল্য এবং তাঁর পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম ভিত্তি।