হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলা ও উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। একই সঙ্গে এসব জলপথে নিরাপদ ও নির্বিঘ্নে নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বলেন, সমুদ্রপথে একের পর এক ঘটনা ঘটছে। বাণিজ্যিক জাহাজ বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছে। অনেক জাহাজ ও সেগুলোর নাবিক মাসের পর মাস পারস্য উপসাগরে আটকে রয়েছেন।
খালেদ খিয়ারি বলেন, বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজকে কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এসব জলপথে চলমান উত্তেজনার ঝুঁকি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সতর্কবার্তার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
বাহরাইনের অনুরোধে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনায় তিনি এসব কথা বলেন।
খিয়ারি জানান, বিকল্প পথ ব্যবহার করে এ অঞ্চলের জ্বালানি রপ্তানির বড় অংশ আবার চালু হলেও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধের কারণে অনিশ্চয়তা কাটেনি। তবে জ্বালানি রপ্তানি কিছুটা স্বাভাবিক হওয়াকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার লক্ষণ হিসেবে দেখা ঠিক হবে না। সংঘাতের আগের সময়ের তুলনায় এখনো সমুদ্রপথে পণ্য পরিবহনের পরিমাণ কম।
আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজের ওপর সবচেয়ে বেশি হামলা ও নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সমুদ্র এলাকায় ১৩৪টি নিশ্চিত ঘটনার তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। এসব ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে, আবার কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান খিয়ারি।
বিশ্ব অর্থনীতিতে বাড়ছে চাপ
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে বর্তমান পরিস্থিতি ব্যয়বহুল, অনিশ্চিত ও অনিরাপদ। এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে।
নৌ চলাচলে বিধিনিষেধের কারণে জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ বাড়ছে এবং খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশেষ করে সার পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
খালেদ খিয়ারি বলেন, এসব বিধিনিষেধ যত দীর্ঘস্থায়ী হবে, অর্থনৈতিক ক্ষতি তত বাড়বে। পাশাপাশি বাণিজ্যিক আস্থা ও পণ্য পরিবহনব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথে পূর্ণাঙ্গ, নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল পুনরায় নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ মহাসচিবের অবস্থান তুলে ধরে খিয়ারি বলেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে কখনোই চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। খাদ্য, জ্বালানি, সারসহ প্রয়োজনীয় পণ্য পরিবহনেও বাধা দেওয়া যাবে না।
ইরান-যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনার আহ্বান
মধ্যপ্রাচ্যের বৃহত্তর উত্তেজনা নিয়ে খালেদ খিয়ারি বলেন, সেপ্টেম্বরের শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষ না হওয়ায় জাতিসংঘ স্বস্তি পেয়েছে। তবে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করে—এমন বক্তব্য নিয়ে উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবার সামরিক তৎপরতা শুরু হয়েছে। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অচলাবস্থায় থাকলেও দোহা ও অঞ্চলের অন্যান্য স্থানে কূটনৈতিক তৎপরতা পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানায় জাতিসংঘ।
খিয়ারি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত বর্তমান সুযোগ কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনায় বসা। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমঝোতা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আঞ্চলিক দেশগুলো সমুদ্রপথের নিরাপত্তা বাড়াতে যেসব উদ্যোগ নিচ্ছে, সেগুলোকেও স্বাগত জানান খিয়ারি। তাঁর মতে, এসব উদ্যোগ বৃহত্তর রাজনৈতিক সমাধানের পথ তৈরিতে সহায়ক হতে পারে। আঞ্চলিক দেশগুলোর উচিত পারস্পরিক আস্থা বাড়ানো, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা, উত্তেজনা কমানো এবং সমঝোতার পরিবেশ তৈরি করা।
তিনি সতর্ক করে বলেন, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে ইরান, পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ভয়াবহ পরিণতি তৈরি হবে। বিশ্বের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘস্থায়ী সংঘাত বহন করার সামর্থ্য এ অঞ্চলের মানুষ কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের নেই।
নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জিসিসির
এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, তিনি উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরছেন।
তিনি বলেন, জিসিসিভুক্ত দেশগুলো নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। সদস্য দেশগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। এ বিষয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জিসিসি ইরানের পক্ষ থেকে সদস্য দেশগুলোর ওপর হামলা এবং হুতিদের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নৌযান, নাবিক ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
আলবুদাইউই বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় জিসিসিভুক্ত দেশগুলো সক্রিয় ও নির্ভরযোগ্য অংশীদার। বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও এসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যস্থতা, শান্তি, উন্নয়ন ও মানবিক সহায়তার উদ্যোগে সদস্য দেশগুলো তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
সূত্র: আনাদোলু
হাম নির্মূলের স্বীকৃতি হারাচ্ছে যুক্তরাষ্ট্র
দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ
ইরানে তাৎক্ষণিক হামলায় রাজি নন আইজেনকট, বিরোধিতায় সেনাপ্রধানও
৯/১১-এর পর যুক্তরাষ্ট্রে দীর্ঘতম ফ্লাইট বিপর্যয়