ঘুম ভাঙলেও নড়াচড়া বা শ্বাস নিতে পারেন না? জেনে নিন কোন রোগের লক্ষণ

ঘুম ভেঙে গেছে, কিন্তু শরীর নড়ছে না। কথা বলার চেষ্টা করেও কোনো শব্দ বের হচ্ছে না। কারো কারো মনে হয়, বুকের ওপর ভারী কিছু চেপে বসেছে, আবার কেউ ঘরের মধ্যে অদ্ভুত অবয়ব দেখতে পান কিংবা ভয়ংকর শব্দ শুনতে পান। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থার নাম ‘স্লিপ প্যারালাইসিস’ বা ঘুমের পক্ষাঘাত।

সম্প্রতি এ বিষয়ে অ্যামি ফ্লেমিংয়ের একটি প্রতিবেদন প্রকাশের পর নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দ্য গার্ডিয়ানের কয়েকজন পাঠক। তাঁদের বর্ণনায় উঠে এসেছে দীর্ঘদিনের ভয়, অসহায়ত্ব এবং ঘুমের সঙ্গে জড়িয়ে থাকা অদ্ভুত সব অনুভূতির কথা।

শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনেও আতঙ্ক

এক পাঠক জানিয়েছেন, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত তিনি স্লিপ প্যারালাইসিস ও ঘুমিয়ে পড়ার সময়ের হ্যালুসিনেশনে ভুগেছেন। ৩০ বছর বয়সের পর এসব অভিজ্ঞতা ধীরে ধীরে কমে আসে। দীর্ঘদিন তিনি বিষয়টি কাউকে জানাননি।

তাঁর অভিজ্ঞতায় কখনো বিছানা ও ঘরের আকার অস্বাভাবিক বড় হয়ে যেত। কখনো বাস্তবের মতো দৃশ্য, আবার কখনো স্বপ্নের মতো পূর্ণাঙ্গ হ্যালুসিনেশন দেখা দিতো। পাশাপাশি চিৎকার ও প্রচণ্ড শব্দে আঘাতের মতো আওয়াজও শুনতেন।

সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় ছিল, কখনো তিনি ঘুমিয়ে পড়ছেন আর কখনো জেগে উঠছেন, তা বুঝতে না পারা। জেগে ওঠার পরও সহজেই আবার ঘুম ও জাগরণের মাঝামাঝি এক অবস্থায় চলে যেতেন।

প্রাপ্তবয়স্ক হওয়ার পর অন্য একটি সমস্যার কারণে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পর তিনি প্রথম জানতে পারেন, তাঁর অভিজ্ঞতার একটি চিকিৎসাবৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

পাঠকটি জানান, বিষয়টি বুঝতে পারার পর ভয় কিছুটা কমে আসে। বরং অভিজ্ঞতাটি তাঁর কাছে কিছুটা বিস্ময়কর হয়ে ওঠে। তবে ওই অবস্থায় শারীরিক অসহায়ত্ব যে ভয়ংকর, তা অস্বীকার করার উপায় নেই।

‘আমি একা নই’—জেনে স্বস্তি

লন্ডনের বারবারা গেইয়ার জানান, বহু বছর আগে তাঁরও স্লিপ প্যারালাইসিস হয়েছিল। পরে ওয়েলকাম ইনস্টিটিউটের একটি প্রদর্শনীতে গিয়ে তিনি জানতে পারেন, এটি কোনো ব্যক্তিগত অদ্ভুত অভিজ্ঞতা নয়; বরং পরিচিত একটি শারীরিক অবস্থা।

প্রদর্শনীতে বিভিন্ন শতাব্দীতে স্লিপ প্যারালাইসিসের অভিজ্ঞতা ও এর প্রমাণ সম্পর্কে জানতে পেরে তিনি একদিকে স্বস্তি, অন্যদিকে বিস্ময় অনুভব করেন।

তিনি বলেন, অ্যামি ফ্লেমিংয়ের প্রতিবেদনটি তাঁকে বিশেষভাবে সাহায্য করেছে। কারণ অভিজ্ঞতাটি এত কঠিন যে, এত দিন তিনি কাউকে বোঝানোর চেষ্টাও করেননি।

স্লিপ প্যারালাইসিসের সময় অনুভূত ‘দানব’ বা অদৃশ্য আতঙ্ক নিয়ে স্নায়ুবিজ্ঞানীরা গবেষণা করছেন—এ বিষয়টিও তাঁর কাছে আশাব্যঞ্জক। তাঁর ভাষায়, এখন তিনি বলতে পারেন, ‘দেখুন, আমি এসব বানিয়ে বলছি না, এটি সত্যিই ঘটে।’

চোখ খুলতে বা শ্বাস নিতেও অসুবিধা

লন্ডনের ক্যারোলিন স্ট্যালি জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক জীবনের বেশির ভাগ সময় তিনি স্লিপ প্যারালাইসিসে ভুগেছেন। কখনো কখনো অভিজ্ঞতাটি এতটাই ভয়ংকর ছিল যে ঘুমাতে যাওয়ার আগেও আতঙ্ক কাজ করত।

তিনি বলেন, তাঁর ক্ষেত্রে শুধু শরীর নড়াচড়া করতে না পারাই নয়, চোখ খুলতে কিংবা শ্বাস নিতেও অসুবিধা হতো। মন পুরোপুরি জেগে থাকলেও শরীর যেন ঘুমের মধ্যেই আটকে থাকত। এ সময় প্রচণ্ড আতঙ্ক অনুভব করতেন তিনি।

১৯৮০-এর দশকের শুরুতে তাঁকে তীব্র উদ্বেগজনিত সিনড্রোমে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছিল এবং তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল। তাঁর ধারণা, উদ্বেগের সঙ্গে স্লিপ প্যারালাইসিসের সম্পর্ক থাকতে পারে।

তবে তাঁর আক্ষেপ, চিকিৎসক, মনোবিজ্ঞানী ও সাধারণ চিকিৎসকদের কাছে বিষয়টি নিয়ে তেমন কৌতূহল বা অনুসন্ধান তিনি দেখেননি। তাঁর মতে, এ বিষয়ে চিকিৎসকদের অনাগ্রহও উদ্বেগজনক।

ঘুমের আতঙ্ক ঠেকাতে বুকে কাঁটাযুক্ত অস্ত্র!

সুইজারল্যান্ডের জিফেনের বাসিন্দা থমাস রেচার স্লিপ প্যারালাইসিসের সঙ্গে আল্পস অঞ্চলের একটি পুরোনো লোকাচারের সম্পর্ক তুলে ধরেছেন।

তিনি জানান, ওই অঞ্চলের কৃষকদের মধ্যে ‘টগেলি’ নামে এক রাতের অপশক্তি বা আত্মার বিশ্বাস প্রচলিত ছিল। ধারণা করা হতো, এই অশুভ আত্মা রাতে ঘুমন্ত মানুষের ওপর চেপে বসে, শ্বাসরোধ করে এবং ভয়ংকর দুঃস্বপ্ন বা স্লিপ প্যারালাইসিসের মতো অভিজ্ঞতা সৃষ্টি করে।

এ থেকে রক্ষা পেতে সুইস কৃষকেরা বুকে ‘ভের্খহেখেল’ নামের একটি সরঞ্জাম বেঁধে রাখতেন। এটি ছিল শণ বা ফ্ল্যাক্সের আঁশ আঁচড়ানোর কাজে ব্যবহৃত একধরনের যন্ত্র, যাতে লম্বা ও ধারালো লোহার কাঁটা থাকত।

তাঁদের বিশ্বাস ছিল, এই কাঁটাযুক্ত যন্ত্র রাতের অশুভ শক্তিকে দূরে রাখবে।

ভয়ংকর অভিজ্ঞতার বৈজ্ঞানিক ব্যাখ্যা

পাঠকদের অভিজ্ঞতায় দেখা যায়, স্লিপ প্যারালাইসিস শুধু শরীর নড়াচড়া করতে না পারার ঘটনা নয়; এর সঙ্গে ভয়, বিভ্রম, অস্বাভাবিক শব্দ শোনা এবং ঘরে কারও উপস্থিতি অনুভব করার মতো অভিজ্ঞতাও যুক্ত হতে পারে।

ঘুম ও জাগরণের মধ্যবর্তী সময়ে এমন অভিজ্ঞতা মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করতে পারে। তবে এটি যে একটি পরিচিত ঘুম-সম্পর্কিত ঘটনা, সে সম্পর্কে সচেতনতা ভুক্তভোগীদের ভয় ও একাকিত্ব কমাতে সাহায্য করতে পারে।