ধর্মীয় বিশ্বাসে ভালো থাকে বয়স্কদের জীবনমান, বলছে গবেষণা

ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি বার্ধক্যে জীবনযাত্রার মান উন্নত রাখতেও ভূমিকা রাখতে পারে। ৫ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত ২১টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে এমন সম্পর্কের কথা জানিয়েছেন ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষণায় দেখা গেছে, যেসব প্রবীণ মানুষের ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস রয়েছে, তাঁদের জীবনমান ও জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই সম্পর্কের অর্থ এই নয় যে ধর্মীয় বিশ্বাসই সরাসরি মানুষের জীবনমান উন্নত করে।

গবেষকেরা ১৯৯২ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত ২১টি গবেষণার তথ্য একত্র করে বিশ্লেষণ করেন। এসব গবেষণায় ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সঙ্গে জীবন নিয়ে সন্তুষ্টি ও জীবনমানের সম্পর্ক খতিয়ে দেখা হয়।

গবেষণাগুলোর মধ্যে ১০টি এশিয়ায়, সাতটি আমেরিকায়, তিনটি ইউরোপে এবং একটি আফ্রিকায় পরিচালিত হয়েছিল। এতে অংশ নেন ৬০ থেকে ১০৪ বছর বয়সী মোট ৫ হাজার ৬৬৪ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৫৬১ জন পুরুষ ও ২ হাজার ৫০৩ জন নারী। বাকি ১ হাজার ৬০০ জনের লিঙ্গপরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

গবেষণাটির ফলাফল ‘পিএলওএস এজিং অ্যান্ড হেলথ’ সাময়িকীতে বৃহস্পতিবার প্রকাশিত হয়। এতে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে জীবনমান এবং জীবন নিয়ে সন্তুষ্টির ‘মাঝারি মাত্রার ইতিবাচক সম্পর্ক’ পাওয়া গেছে।

অঞ্চলভেদে এই সম্পর্কের মাত্রায় পার্থক্য রয়েছে। এশিয়ায় ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে জীবনমানের ইতিবাচক সম্পর্ক সবচেয়ে বেশি। এরপর রয়েছে আফ্রিকা ও আমেরিকা। ইউরোপে এই সম্পর্ক সবচেয়ে দুর্বল।

গবেষণার সহলেখক আলেসান্দ্রা বুজা সিএনএনকে বলেন, ইউরোপে ধর্মনিরপেক্ষতার প্রবণতা বেশি হওয়ায় সেখানে এই সম্পর্ক তুলনামূলক দুর্বল হতে পারে। তাঁর সঙ্গে গবেষণাটি করেছেন সহকর্মী সোহেল আখতার।

পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ধর্মপ্রাণ দেশগুলোর বেশির ভাগই মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, সাব-সাহারান আফ্রিকা এবং লাতিন আমেরিকায় অবস্থিত। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়া ও কেনিয়ার ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন, তাঁদের জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই হার ৩৮ শতাংশ এবং যুক্তরাজ্যে ২০ শতাংশ।

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৫০ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে তরুণদের তুলনায় ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের প্রবণতা বেশি। যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ এবং ব্রাজিল ও পোল্যান্ডের ৯৮ শতাংশ প্রবীণ কোনো না কোনো ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত।

বিশ্বে প্রবীণ মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০-এর দশকের শেষ দিকে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বেড়ে ২২০ কোটিতে পৌঁছাতে পারে। তখন বিশ্বে শিশুর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে প্রবীণ জনগোষ্ঠী।

গবেষকদের মতে, ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস শুধু মানসিক সুস্থতায় নয়, মানুষের সামাজিক যোগাযোগ, আবেগগত সহায়তা এবং চিন্তাশক্তি সক্রিয় রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। এসব বিষয় জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ানোর পাশাপাশি আয়ুর ওপরও প্রভাব ফেলতে পারে। তাই প্রবীণদের চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হলে তা তাঁদের উপকারে আসতে পারে।

গবেষণায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বার্ধক্যের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক পল হিগস বলেন, জীবনের শেষ পর্যায়ে ভালো থাকতে আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাস গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে—গবেষণাটি আবারও সেই বিষয়টি সামনে এনেছে। এশিয়া ও আফ্রিকায় এই সম্পর্ক বেশি হওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ। কারণ, এসব মহাদেশে ধর্ম ও আধ্যাত্মিকতা এখনো সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

হিগসের মতে, বিশ্বের জনসংখ্যা ক্রমেই প্রবীণ হয়ে ওঠায় বার্ধক্যে মানুষের জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের ইতিবাচক ভূমিকা নতুন করে বিবেচনা করা প্রয়োজন।

বার্ধক্যে ভালো থাকার নতুন ভাবনা

গবেষণায় অংশ না নেওয়া যুক্তরাজ্যের খ্রিষ্টধর্ম, ধর্ম ও সমাজবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিওসের পরিচালক চিনে ম্যাকডোনাল্ডও ধর্মীয় সম্প্রদায়ের সামাজিক ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সিএনএনকে বলেন, তাঁর ৯২ বছর বয়সী দাদির মৃত্যুর পর গবেষণাটির ফল তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। তাঁর পরিবারের শিকড় নাইজেরিয়ার ইগবো জনগোষ্ঠীতে। ওই জনগোষ্ঠীর সংস্কৃতিতে সমাজ, বৃহত্তর পরিবার এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ম্যাকডোনাল্ড বলেন, ধর্মীয় সম্প্রদায় প্রবীণদের বন্ধুত্ব, ব্যবহারিক সহায়তা ও আপনজনের মতো পাশে থাকার অনুভূতি দিতে পারে। বিশেষ করে অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু এবং বার্ধক্যজনিত নানা চ্যালেঞ্জের সময় এসব সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি ধর্মীয় বিশ্বাস মানুষকে জীবনের অর্থ, উদ্দেশ্য ও আশা খুঁজে পেতে এবং কষ্ট ও মৃত্যুকে বুঝতে সহায়তা করতে পারে।

তাঁর মতে, ইউরোপের মতো ধর্মনিরপেক্ষ ও ব্যক্তিকেন্দ্রিক সমাজে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সুস্থতার সম্পর্ক তুলনামূলক দুর্বল হলেও এর অর্থ এই নয় যে এসব সমাজে ধর্মের কোনো ভূমিকা নেই। বিশ্বজুড়ে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা বাড়তে থাকায় বার্ধক্যে ভালো থাকার অর্থ কী, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাকিত্বকে বৈশ্বিক স্বাস্থ্য অগ্রাধিকারের বিষয় হিসেবে চিহ্নিত করে। সংস্থাটির মতে, সামাজিক যোগাযোগের অভাব অকালমৃত্যুর ঝুঁকি বাড়ায়। একাকিত্বের সঙ্গে মানসিক স্বাস্থ্যের অবনতি, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, উচ্চ রক্তচাপসহ হৃদ্‌রোগ এবং স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক রয়েছে।

ওই বছর ১৪২টি দেশে পরিচালিত এক জরিপে ৫০ বছর বা তার বেশি বয়সী ১৭ শতাংশ মানুষ একাকিত্ব অনুভব করার কথা জানিয়েছিলেন।

তবে নতুন গবেষণায় দেখা গেছে, জীবনমানের সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক ধর্মীয় পরিচয় বা চর্চার তুলনায় বেশি শক্তিশালী। কেন এমন হয়েছে, তা গবেষকেরা নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারেননি। গবেষক বুজার মতে, আধ্যাত্মিকতা তুলনামূলক ব্যক্তিগত বিষয় এবং তা সব সময় কোনো সামাজিক বা ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয়। তাই এর সঙ্গে জীবনমানের সম্পর্ক সম্ভবত সামাজিক যোগাযোগের চেয়ে জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়টির সঙ্গে বেশি সম্পর্কিত।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ অবসর নেওয়ার পরও কাজের বাইরের জীবনে নতুন কোনো অর্থ বা উদ্দেশ্য খুঁজে পেলে তাঁর জীবনমান ও সন্তুষ্টি বজায় থাকতে পারে।

এর আগে ফেব্রুয়ারিতে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায়, যাঁদের আধ্যাত্মিক বিশ্বাস বা ধর্মীয় চর্চা রয়েছে, তাঁদের মধ্যে অ্যালকোহল, মাদক বা সিগারেটের ক্ষতিকর ব্যবহারের প্রবণতা তুলনামূলক কম। আসক্তি থেকে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও তাঁদের সাফল্যের হার বেশি। ২০২২ সালের একটি গবেষণায় দেখা যায়, নিয়মিত ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া বা গভীর আধ্যাত্মিক বিশ্বাস থাকা আফ্রিকান-আমেরিকান প্রাপ্তবয়স্কদের হৃদ্‌স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সূচকগুলো তুলনামূলক ভালো।

নতুন গবেষণায় আরও দেখা গেছে, জীবন নিয়ে সন্তুষ্টির তুলনায় সামগ্রিক জীবনমানের সঙ্গে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের ইতিবাচক সম্পর্ক বেশি। বুজার ব্যাখ্যা অনুযায়ী, জীবনমানের ধারণার মধ্যে শারীরিক স্বাস্থ্য, সামাজিক সহায়তা, মানসিক সুস্থতা এবং ঝুঁকিপূর্ণ আচরণের মতো একাধিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য নিয়ে অনেক গবেষণা ও সংবাদে আয়, শিক্ষা ও ধূমপানের মতো সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। তবে ধর্মও স্বাস্থ্যের একটি সামাজিক নির্ধারক হতে পারে। বিভিন্ন দেশ ও সামাজিক প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে আরও গবেষণা এবং মূল্যায়ন প্রয়োজন।

গবেষকেরা অবশ্য জানিয়েছেন, তাঁদের পাওয়া সম্পর্ককে কারণ-ফল হিসেবে দেখা যাবে না। অর্থাৎ ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস থাকলেই যে মানুষের জীবনমান উন্নত হবে, তা এই গবেষণায় প্রমাণিত হয়নি।

এ ছাড়া আগের গবেষণাগুলোতে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস পরিমাপের পদ্ধতিতে ভিন্নতা ছিল। কোথাও ধর্মীয় সম্প্রদায়ের সহায়তা, কোথাও ব্যক্তিগত ধর্মচর্চা, দৈনন্দিন আধ্যাত্মিক অভিজ্ঞতা কিংবা ধর্মীয় বিশ্বাসের গভীরতা বিবেচনা করা হয়েছে।

গবেষক বুজা বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধর্মের ধরন ও মানুষের জীবনে এর গুরুত্বও এক নয়। একই ধর্মের অনুসারী প্রবীণদের ক্ষেত্রেও আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় ধর্মীয় বিশ্বাসের তাৎপর্য ভিন্ন হতে পারে।

গবেষণায় অন্তর্ভুক্ত দেশ, জনগোষ্ঠী ও ধর্মীয় চর্চার বৈচিত্র্যের কারণে ফলাফল সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, ভবিষ্যতে একই ধরনের মানদণ্ড ব্যবহার করে আরও গবেষণা করা হলে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে প্রবীণদের জীবনমানের সম্পর্ক আরও নির্ভরযোগ্যভাবে বোঝা সম্ভব হবে।


সূত্র: সিএনএন