কেয়ামতের দিন ছায়াদানকারী হিসাবে আবির্ভূত হবে যে দুই সূরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

পবিত্র কোরআন এমন এক মহাগ্রন্থ, যা দুনিয়ায় মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায় এবং পরকালেও তার জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। কোরআনের প্রতিটি সূরার রয়েছে বিশেষ মর্যাদা ও ফজিলত। তবে দুটি সূরার ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। সূরা বাকারা ও সূরা আলে ইমরান। এই দুই সূরাকে তিনি ‘আজ-জাহরাওয়াইন’ বা দুই উজ্জ্বল সূরা হিসেবে অভিহিত করেছেন।

হাদিসে এসেছে, কেয়ামতের দিন এ দুটি সূরা এমনভাবে আবির্ভূত হবে, যেন দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়াদানকারী বস্তু কিংবা সারিবদ্ধভাবে উড়ে চলা পাখির দুটি ঝাঁক। তারা নিজেদের পাঠকারীদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কেয়ামতের সেই কঠিন দিনে এ এক বিশেষ মর্যাদা ও সৌভাগ্যের বিষয়।

সূরা বাকারা ও সূরা আলে ইমরানের বিশেষ মর্যাদার কথা উঠে এসেছে হজরত আবু উমামা আল-বাহিলি (রা.) বর্ণিত একটি হাদিসে। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘তোমরা কোরআন পাঠ করো। কারণ কেয়ামতের দিন তা তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। তোমরা দুই উজ্জ্বল সূরা—সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠ করো। কারণ কেয়ামতের দিন এ দুটি সূরা এমনভাবে উপস্থিত হবে, যেন দুটি মেঘখণ্ড অথবা দুটি ছায়াদানকারী বস্তু কিংবা সারিবদ্ধভাবে উড়ে চলা পাখির দুটি ঝাঁক। তারা তাদের পাঠকারীদের পক্ষে সুপারিশ করবে। তোমরা সূরা বাকারা পাঠ করো। কারণ এটি গ্রহণ করা বরকতের বিষয় এবং তা ছেড়ে দেওয়া অনুতাপের কারণ। জাদুকররা এর মোকাবিলা করতে পারে না।’ (সহিহ মুসলিম: ৮০৪)

হাদিসটিতে কোরআন তিলাওয়াতের সাধারণ ফজিলতের পাশাপাশি সূরা বাকারা ও সূরা আলে ইমরানের বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে। এখানে ‘আজ-জাহরাওয়াইন’ শব্দের অর্থ দুই উজ্জ্বল সূরা।

বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববি (রহ.) তার সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থে উল্লেখ করেছেন, এই দুই সূরাকে উজ্জ্বল বলা হয় তাদের আলো, হেদায়েত ও মহান প্রতিদানের কারণে। অর্থাৎ এ দুটি সূরা মানুষের জীবনকে আলোকিত করার পাশাপাশি পরকালেও বিশেষ প্রতিদানের কারণ হবে। (ইসলাম ওয়েব ডটনেট)

মেঘখণ্ড ও পাখির ঝাঁকের উপমা কেন?

হাদিসে কেয়ামতের দিন সূরা দুটির আবির্ভাব বোঝাতে তিনটি উপমা দেওয়া হয়েছে। দুটি মেঘখণ্ড, দুটি ছায়াদানকারী বস্তু এবং সারিবদ্ধভাবে উড়ে চলা পাখির দুটি ঝাঁক। এসব উপমার মাধ্যমে সূরা দুটির বিশেষ মর্যাদা, সৌন্দর্য ও সুপারিশের গুরুত্ব ফুটে উঠেছে।

ইমাম নববি (রহ.) তার ব্যাখ্যায় বলেন, ‘মেঘখণ্ড’ ও ‘ছায়াদানকারী বস্তু’ বলতে মানুষের মাথার ওপর ছায়া বিস্তারকারী বস্তুকে বোঝানো হয়েছে। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, এ দুটি সূরার প্রতিদান মেঘখণ্ডের মতো আবির্ভূত হবে। আর পাখির ঝাঁকের উপমা দিয়ে তাদের সারিবদ্ধভাবে উপস্থিত হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এভাবে হাদিসটি কেয়ামতের দিন সূরা দুটির সুপারিশের এক অসাধারণ দৃশ্য বর্ণনা করেছে।

সূত্র: ইসলাম ওয়েব ডটনেট

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত