বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও নির্মোহ জীবনদর্শনের শিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
সহজ ভাষা, অসাধারণ গল্প বলার ক্ষমতা, চরিত্রের স্বাতন্ত্র্য এবং মানবমনের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার অনন্য দক্ষতায় তিনি বাংলা সাহিত্যে তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলি, শুভ্রসহ অসংখ্য চরিত্র পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।
উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র—প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁর সৃজনশীল বিচরণ। ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কোথাও কেউ নেই’, ‘হিমু’ ও ‘মিসির আলি’ সিরিজের মতো সৃষ্টি তাঁকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কথাসাহিত্যিক। মৃত্যুর পরও তাঁর বই, নাটক ও চলচ্চিত্রের আবেদন অমলিন। নতুন প্রজন্মের পাঠকের কাছেও তিনি সমান জনপ্রিয়।