সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৭) এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭)। অপর জনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাত সহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর  আহত হয়।  

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

এমইউ
আরও পড়ুন