বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে ৮ বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ প্রদান করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
লেখক চক্র পুরস্কারপ্রাপ্ত আটজন হলেন- কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী বায়েজিদ শেখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বিএনপি নেতা কে এম খায়রুল বাশার, মোহন আখন্দ, পলাশ খন্দকার ও প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ্। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং অতিথিরা সনদপত্র ও উত্তরীয় পরিয়ে দেন।
এর আগে শুক্রবার সকালে নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে বিশেষ আয়োজনে তিন দিনের এই সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কবি ও সাহিত্যিকের অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রথম দিনের কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, বই ও স্মারকের মোড়ক উন্মোচন, সেমিনার, মুক্ত আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, সম্মেলনের তৃতীয় ও শেষ দিন রোববার আমন্ত্রিত কবি-সাহিত্যিকরা বগুড়ার গাবতলীতে ঐতিহাসিক জিয়াবাড়ি ও গোকুলে মমইন ইকোপার্ক পরিদর্শন করবেন।