কক্সবাজারের টেকনাফে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ একটি বন্য হাতির ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৮ নভেম্বর) হাতিটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিপেটা এবং একপর্যায়ে মশাল দিয়ে লেজে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
শনিবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় হাতিটি কয়েকটি সুপারিবাগান ও বসতবাড়ির ক্ষতি করে। এতে ক্ষুব্ধ হয়ে কিছু লোক প্রাণীটিকে তাড়া করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
বাহারছড়া শীলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মূলত অসুস্থ থাকার কারণেই বুনো হাতিটি আবার লোকালয়ে নেমে এসেছে। গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বন বিভাগের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হয়।
তিনি বলেন, হাতিটিকে একটি এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। বন বিভাগের দল প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। হাতিটির শারীরিক অবস্থা সম্পর্কে তৌহিদুল ইসলাম জানান, শরীরে থাকা আটটি গুলির ক্ষতের মধ্যে ছয়টির চিকিৎসা সম্পন্ন হয়েছে। তবে হাতিটির পেছনের ডান পায়ের গোড়ালির সংযোগস্থলে জটিল সমস্যা রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাণীটির পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা খুবই কম।
এর আগে গত ১৮ নভেম্বর দুই দিন অনুসন্ধানের পর বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পায় বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ দল। তখন ট্রাঙ্কুলাইজার ছুড়ে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। সে সময় এর শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের অংশবিশেষ পাওয়া যায়।
‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আধাবেলা হরতালের ডাক