তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে জামায়াত, ২৭ শতাংশের পছন্দ বিএনপিকে: জরিপ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের পছন্দের তালিকায় বড় চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৮ সালের পর এই প্রথম ভোট দিতে যাচ্ছেন এমন তরুণ ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে সমর্থন করার কথা জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক মতামত জরিপের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। 

জরিপটি পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিআরএফ-এর স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে জামায়াত ৩৭.৪ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে থাকলেও দ্বিতীয় অবস্থানে থাকা বিএনপি পাচ্ছে ২৭ শতাংশ সমর্থন। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৭ শতাংশ তরুণ ভোটারের সমর্থন পেয়েছে। তবে ১৮ দশমিক ৬ শতাংশ তরুণ ভোটার এখনও কাকে ভোট দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেননি।

জরিপ অনুযায়ী, দেশের ৯৩ শতাংশের বেশি ভোটার আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে নারী, পুরুষ ও প্রান্তিক ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক। তবে প্রায় ৮ শতাংশ ভোটার এখনও ভোট দেওয়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন।

ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু হিসেবে উঠে এসেছে দুর্নীতি। অংশগ্রহণকারীদের ৬৭ দশমিক ৩ শতাংশ মনে করেন দুর্নীতিই দেশের প্রধান সমস্যা। অন্যদিকে, ধর্মীয় বিষয়কে গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার। ভোটাররা নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে প্রার্থীর দায়িত্বশীলতা, শাসনক্ষমতা এবং জনদরদি মনোভাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

জরিপে ভোটারদের উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে। অধিকাংশ ভোটার ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভয়ভীতি প্রদর্শন ও ব্যালট দখলের আশঙ্কা প্রকাশ করেছেন। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের কড়া নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে দেশের ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর দ্বৈবচয়ন পদ্ধতিতে এই জরিপটি পরিচালনা করা হয়।