আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণের আভাস দিয়েছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)। এক জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের প্রায় ৪৮ শতাংশই এখন বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের বড় অংশের পছন্দের শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে এই জরিপ পরিচালনা করে।
সংবাদ সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করেন সিআরএফ-এর স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ। এতে দেখা যায়, দেশের ৯৩ শতাংশের বেশি ভোটার আসন্ন নির্বাচনে ভোট দিতে প্রবল আগ্রহী। তবে ভোটারদের প্রধান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি ও সুশাসন। জরিপে অংশ নেওয়া ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। বিপরীতে ধর্মীয় ইস্যুকে গুরুত্ব দিয়েছেন মাত্র ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে পছন্দ করেন। রাজনৈতিক পরিবর্তনের এই স্রোতে আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশ বিএনপিকে সমর্থন জানালেও বাকি ৫২ শতাংশ ভোটার অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকতে পারেন।
জরিপে আরও দেখা গেছে, ভোটাররা প্রথাগত ক্যারিশম্যাটিক নেতৃত্বের চেয়ে জনদরদি ও কার্যকর নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া তথ্য পাওয়ার ক্ষেত্রে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। তবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সব দলের সমর্থকদের মধ্যেই জালিয়াতি বা ব্যালট দখলের আশঙ্কা ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর দ্বৈবচয়ন পদ্ধতিতে এই জরিপটি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুল হক।
তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে জামায়াত, ২৭ শতাংশের পছন্দ বিএনপিকে: জরিপ
