১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে আগামী ১২ ফেব্রুয়ারির আগে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন। যদি কোনো নির্বাচন কর্মকর্তা নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সরাসরি নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সার্বিক নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কমিশনার বলেন, ‘আমরা মনে করি নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন—একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা আমাদের সহায়তা করবেন।’

সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসি মাছউদ। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

DR/FJ
আরও পড়ুন