দেশের অভ্যন্তরীণ রুটে আকাশপথে ভ্রমণের সময় যেকোনো পরিমাণ নগদ অর্থ বহনে কোনো আইনি সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনার প্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।
গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, ‘অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো নির্দিষ্ট সীমা বা বাধা নেই। সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থের বিষয়ে শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল এবং তারা এতে অনাপত্তি (NOC) দিয়েছিল।’
এদিকে, জামায়াত নেতার এই আটককে ‘নাটক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ‘বেলাল উদ্দিন প্রধান তার ব্যক্তিগত ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিলেন। ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তারা তল্লাশি শেষে তাকে অনাপত্তিপত্র দিয়েছিলেন। সেই কাগজ সঙ্গে থাকা সত্ত্বেও সৈয়দপুরে তাকে হয়রানি ও আটক করা হয়েছে। এটি একটি সাজানো নাটক।’
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশি চালিয়ে বেলাল উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তার কাছে ৫০ লাখের বেশি টাকা রয়েছে, যা তার গার্মেন্টস ব্যবসার মূলধন। ৫৪ বছর বয়সী বেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক এবং ওই জেলা জামায়াতের আমির।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বিমানবন্দর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অর্থের উৎস ও অন্যান্য নথিপত্র বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।