ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই-জাল ভোট হলেই কঠোর পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট প্রদান বা যেকোনো ধরনের নির্বাচনি অপরাধ ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরতদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন। 

তিনি বলেন, ‘জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। কোনো অশুভ শক্তি যেন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।’

এসময় আইজিপি বাহারুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, যেখান থেকে ঢাকার বিভিন্ন নির্বাচনি আসনের সামগ্রী বিতরণ করা হচ্ছে। সামগ্রিক প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং শেষ মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।