জাল ভোট দিলে হতে পারে যেসব শাস্তি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

ভোটাধিকার গণতন্ত্রের মূল ভিত্তি হলেও এর অপব্যবহার করলে নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশে জাল ভোটকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং আইন অনুযায়ী এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

জাল ভোটের সংজ্ঞা

জাল ভোট বলতে বোঝায় এমন ভোট, যা প্রকৃত ভোটারের স্বাধীন ইচ্ছায় প্রদত্ত নয়। উদাহরণস্বরূপ, অন্য কারো পরিচয় ব্যবহার করে ভোট দেওয়া, ভোটারের অনুপস্থিতিতে তার নামে ভোট দেওয়া, ভয়ভীতি বা জোর প্রয়োগ করে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, অথবা একজন ব্যক্তি একাধিকবার ভোট দেওয়া।

স্বাধীনতার পর থেকে জাতীয় ও স্থানীয় বিভিন্ন নির্বাচনে জাল ভোটের অভিযোগ উঠেছে, যা ভোটারদের মধ্যে নির্বাচনপ্রতি অনাস্থা সৃষ্টি করেছে।

ইসির জিরো টলারেন্স নীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জাল ভোটের আশঙ্কা প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাল ভোট প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক মামলা, গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইনে শাস্তির বিধান

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ থেকে ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটকেন্দ্রে বেআইনি আচরণ ও নির্বাচনি অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা যেতে পারে। দায়িত্বরত নির্বাহী ও বিচারিক হাকিম অভিযোগ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন।

জাল ভোট হিসেবে গণ্য কাজসমূহ

  • প্রার্থীর সুবিধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কোনো সরকারি কর্মকর্তা বা অন্য কারো সাহায্য নেওয়া বা প্ররোচিত করা।
  • ভোট দেয়ার যোগ্য নন বা অযোগ্য ব্যক্তি ভোট প্রদান বা ব্যালট পেপার চাওয়া।
  • একাধিকবার একই ভোটকেন্দ্রে বা একাধিক ভোটকেন্দ্রে ভোট প্রদান বা ব্যালট পেপার চাওয়া।
  • ভোট চলাকালে ব্যালট পেপার সরানো।
  • জ্ঞাতসারে অন্যকে এইসব কাজে প্ররোচিত করা বা সাহায্য নেওয়া।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন সতর্ক অবস্থানে রয়েছে।

NB/FJ
আরও পড়ুন