আসন্ন অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো থ্রেট বা হুমকি নেই। তবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।’
তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইনার ও আউটার প্যারিমিটারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা কয়েকটি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি সেক্টরে থাকবে ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল ও স্ট্রাইকিং রিজার্ভ টিম।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আগেই সুইপিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।
র্যাব ডিজি আরও বলেন, শুধু রাজধানী নয়, সারাদেশের শহীদ বেদীতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে একুশের কর্মসূচি সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।