শহীদ মিনারে নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: ডিএমপি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সদ্য সমাপ্ত নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি  সাংবাদিকদের এ কথা জানান।

নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েক দিন আগেই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি ঘটেনি। আমরা আশা করছি, মহান একুশে ফেব্রুয়ারিতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য এই এলাকায় নিয়োজিত থাকবেন।’

পরিদর্শনকালে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং অত্যাধুনিক সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।’

র‌্যাব মহাপরিচালক আরও জানান, শুধু ঢাকা নয়, দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। তবে দাবি আদায়ের নামে কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।’

DR
আরও পড়ুন