বিজয় দিবসে নিরাপত্তা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

মহান বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং বিজয় দিবসের অনুষ্ঠানগুলো নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যুক্ত থাকবে, যাতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়।

সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে আরও সতর্ক থাকার পাশাপাশি নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানেও নিরাপত্তা জোরদার করা হবে।

অনুষ্ঠান ঘিরে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণ যান প্রস্তুত রাখবে ফায়ার সার্ভিস।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত