ঈদের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের পরপরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই, অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু করা হবে। তবে তার আগে আমাদের কিছু উপ-নির্বাচন রয়েছে, যেগুলোর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। সেগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

নির্বাচন পরিচালনার আইনি কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন দায়বদ্ধ। তবে আইন কী হবে বা কেমন হবে, সেটি করার দায়িত্ব কমিশনের নয়, বরং সংসদের। সংসদ নির্বাচনের বিষয়ে যে আইন পাস করবে, সেই আইনের আলোকেই একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন উপহার দিতে কমিশন কাজ করবে।’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে তিনি জানান, নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে বর্তমানে সংসদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে এই কমিশনার বলেন, গত নির্বাচন ও গণভোট অত্যন্ত সুষ্ঠু হয়েছে। তবে যদি কোনো ক্ষেত্রে সামান্যতম ঘাটতি থেকে থাকে, তবে কমিশন সেগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখবে এবং ভবিষ্যৎ নির্বাচনে তা সংশোধনের ব্যবস্থা নেবে।