বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ওয়াসার কার্যক্রম শুরু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

দেশের আরও তিন সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা পরিচালনায় পৃথক ওয়াসার কার্যক্রম শুরু করেছে সরকার। বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য ‘বগুড়া ওয়াসা’, ‘নারায়ণগঞ্জ ওয়াসা’ ও ‘গাজীপুর ওয়াসা’ প্রতিষ্ঠা করা হয়েছে।

এ বিষয়ে গত ১৬ নভেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপন তিনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব আশফিকুন নাহার।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ তিনটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। ১৬ নভেম্বর থেকে বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘বগুড়া পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (বগুড়া ওয়াসা)’ কার্যকর হয়েছে।

একই তারিখ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার জন্য ‘নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ ওয়াসা)’ এবং গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য ‘গাজীপুর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (গাজীপুর ওয়াসা)’ প্রতিষ্ঠা করা হয়েছে।

জেএম
আরও পড়ুন