ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দুই নেতার মধ্যে এই একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর প্রতি গভীর সংহতি প্রকাশ করেন। এ সময় ইউএই প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সংহতি ও উদ্বেগের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের নিরবচ্ছিন্ন সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
কথোপকথনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দেন।
আঞ্চলিক সংঘাত যেন ভয়াবহ রূপ না নেয় এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর এর বিরূপ প্রভাব না পড়ে, সে লক্ষ্যে অবিলম্বে সামরিক উত্তেজনা প্রশমনের ওপর দুই নেতা গুরুত্ব দেন। সংকট নিরসনে সামরিক শক্তির পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক পন্থায় শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন।