মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশেও সরাসরি এর প্রভাব পড়ে। জ্বালানি আমদানিতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় হওয়ায় রিজার্ভের ওপর চাপ বাড়ে। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দামে। এতে মূল্যস্ফীতিও বাড়ে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন সরকারের এই উপদেষ্টা।
বিএনপি-জামায়াতসহ ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ রোববার
টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতির ওপর গ্রামবাসীর হামলা
‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার