জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-
১) স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর)।
২) মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
৩) মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)।
৪) বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম।
৫) চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
৬) সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
৭) সংস্কৃতিতে এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত)।
৮) সংস্কৃতিতে বশির আহমেদ (মরণোত্তর)।
৯) ক্রীড়ায় জোবেরা রহমান লিনু।
১০) পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
১১) সমাজসেবা/জনসেবায় ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর)।
১২) সমাজসেবা/জনসেবায় এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ।
১৩) সমাজসেবা/জনসেবায় মো. সাইদুল হক।
১৪) সমাজসেবা/জনসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র।
১৫) সমাজসেবা/জনসেবায় মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
১৬) জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
১৭) গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকী, পিএইচডি।
১৮) গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. এম এ রহিম।
১৯) গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
২০) পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নির্বাচিতদের ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, ৫ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

