মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে মার্কেট-শপিং মল বন্ধের সময়েও পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, 'আজকে মূলত আলোচনাটা হয়েছে, আমরা কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারব। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে, বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে। এটা সরকারি-বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।' এছাড়া মার্কেট-শপিংমলও সন্ধ্যা ৬টার পর আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, 'শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে, বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকে কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। এছাড়া সরকারি কিছু ব্যয় রাস কমানো হচ্ছে আগামী তিন মাস পর্যন্ত। সরকারি কোন নতুন যানবহন ক্রয় করা হবে না। কোন জলজান ক্রয় করা হবে না। কোন আকাশযান ক্রয় করা হবে না। কোন কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো ৫০ শতাংশ বন্ধ করা হয়েছে। কোন আদেশ না পর্যন্ত সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে।'
তিনি বলেন, 'সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকার সেটা আরো ৩০ শতাংশ কমানো আজকে এফেক্টিভ হয়ে গেলে। তারপর ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ প্রয়োজন নেই, সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা ৩০ শতাংশ হ্রাস করে দিচ্ছি । এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।'