কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা, অর্থ পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ তুলে ধরেছে সরকার।
দলটির এমন তৎপরতায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানা পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তাদের অবহিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে এসব বিষয় উপস্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক মহলের সামনে স্পষ্ট করতেই পররাষ্ট্র মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।
সকাল ৯টায় শুরু হওয়া প্রায় আধা ঘণ্টার এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত ও জাপানসহ ৫০টিরও বেশি বিদেশি মিশনের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে উপস্থিত দেশি-বিদেশি কূটনীতিকদের সূত্রে সভার এসব তথ্য জানা গেছে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। রাজনৈতিক অস্থিরতা তৈরির মাধ্যমে তারা দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতিকেও বাধাগ্রস্ত করতে চাইছে বলে তিনি কূটনীতিকদের জানান।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতেও সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়েছে। এসব অপরাধের সঙ্গে যুক্ত পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন প্রত্যাশা করে হুমায়ুন কবির বলেন, একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধার জরুরি। এই লক্ষ্য অর্জনে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর গঠনমূলক সম্পৃক্ততা ও অব্যাহত সহযোগিতা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
দেশের গণতান্ত্রিক যাত্রা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, যেকোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়েও সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বরে