বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে (বুধবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
রোববার (১৭ মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সেই অনুযায়ী সৌদি আরবে আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশও ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপিত হয়ে থাকে।
পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন।