পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য নরেন্দ্র মোদি–কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে তারেক রহমান বলেন, 'ঈদুল আজহার এই আনন্দময় দিনে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হোক।'
এর আগে সকালে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদারে ভারত–এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন–এর বরাতে জানানো হয়, বার্তায় মোদি বাংলাদেশের জনগণকে “ভাতৃপ্রতিম” বলে উল্লেখ করেন এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব উদযাপন করছেন।
তিনি আরও বলেন, এই উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের শাশ্বত আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ ও ভারত–এর মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
এছাড়া দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা ও লক্ষ্য ভবিষ্যতে উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।
বার্তার শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা