কাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন, সময়সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২৪ মে) থেকে ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্রেন চলাচল করবে।

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এরপর ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন, অর্থাৎ ১ জুন পর্যন্ত ট্রেনগুলো পরিচালনা করা হবে। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

শিডিউল অনুযায়ী, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। আর তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধু ঈদের দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ভোর ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধু ঈদের দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩টায়।

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। ঈদের আগে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

তবে ঈদের পর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।