ঈদে বন্দিদের জন্য কারাগারে বিশেষ আয়োজন

প্রতিবছরের মতো এবারের পবিত্র ঈদুল আজহাতেও দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

বন্দিদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।

কারা সূত্র জানায়, ঈদের দিন সকালে বন্দিদের জন্য থাকবে পায়েস বা সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে বিশেষ আয়োজন। মেন্যুতে রয়েছে পোলাও, গরু অথবা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি। এছাড়া রাতের খাবারে বন্দিদের পরিবেশন করা হবে ভাত, মাছ ও আলুর দম।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত উল ফরহাদ বলেন, প্রতি ঈদেই কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু উন্নত মানের খাবারই নয়, প্রতিটি কারাগারে বন্দিদের চিত্তবিনোদনের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ নিজেদের সাধ্যমতো এসব অনুষ্ঠান আয়োজন করবেন। এছাড়া ঈদের দিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।