কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাচ্ছেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

কারাগারের চার দেয়ালের বন্দিজীবনে স্বজনদের কাছাকাছি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিতে চালু করা হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা চালু হয়েছে। শিগগিরই পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

নতুন এ ব্যবস্থার আওতায় নির্ধারিত নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন। প্রতিবার সর্বোচ্চ ১০ মিনিট কথা বলার সুযোগ থাকবে। কারা অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, শিগগিরই সারা দেশের কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন। এ সময় নির্ধারিত নিয়ম মেনে যোগাযোগের পাশাপাশি গোপনীয়তাও নিশ্চিত করা হবে।

কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিং ও অন্যান্য মানসিক উন্নয়নমূলক কার্যক্রম চালু করা হয়েছে। মাসুদ হাসান জুয়েল জানান, কারাগারে বন্দিদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দক্ষ করে তোলার কার্যক্রম চালু করা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ সাবান উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। উৎপাদিত সাবান বন্দি ও স্টাফদের জন্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে বন্দিদের প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত