সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর এবার অবসান ঘটছে, নতুন পে স্কেলের বেতন কাঠামো চূড়ান্ত হয়েছে। যা জুলাই মাস থেকেই কার্যকর হবে। এতে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা ও পেনশনেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকা বেতন বেড়ে দাঁড়াতে পারে ১ লাখ ১৭ হাজার টাকায়। একইভাবে দ্বিতীয় থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
বেতনের পাশাপাশি ভাতাতেও বড় পরিবর্তন আসছে। বৈশাখী ভাতা বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা পাঁচ গুণ বেশি। সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পেনশনভোগীরাও এই কাঠামোর আওতায় সুবিধা পাবেন। যাদের মাসিক পেনশন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের পেনশন ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য স্বস্তিদায়ক হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পুরো কাঠামো একবারে নয় বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও জুলাই মাস থেকেই এটি কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে গেজেট প্রকাশের পর চাকরিজীবীরা জুলাই মাস থেকে বকেয়াসহ বর্ধিত বেতন ও ভাতা বুঝে পাবেন। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর হয়েছিল। প্রায় এক দশক পর নতুন এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।