তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এ জন্য মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে ধারাবাহিক বৈঠকের আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছানোর প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।
তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে পরিমাণ মজুরিই নির্ধারণ করা হোক, ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে তা শ্রমিকদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব না করার আহ্বান জানিয়ে বাবুল আক্তার বলেন, আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না, এমন অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর এক বা দুই দিনের বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালাতে হবে। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।
মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা করতে অনেক দেরি হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বাবুল আক্তার।
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্য শ্রমিকদের অনুরোধ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান।
আনোয়ার হোসাইন বলেন, দ্রুত সভা আয়োজনের জন্য তাঁরা চেষ্টা করবেন। আজ অথবা আগামীকাল শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে চিঠি দিয়ে মজুরি বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
দোকান-শপিং মল বন্ধের সময় দুই ঘণ্টা বাড়ানোর দাবি মালিক সমিতির
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টঙ্গীতে জামিয়া বাইতুল ফালাহর ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত